বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2029 লোকসভা নির্বাচনে নারীদের আসন সংরক্ষণ আইন কার্যকর হবে (Women Reservation Bill)। সেই মর্মেই প্রয়োজনীয় সংশোধনী বিলের খসড়ায় এবার অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আগামী 16 এপ্রিল থেকে 18 এপ্রিল মোট তিন দিন সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। আর সেই অধিবেশনেই এই বিল পাস করতে চায় কেন্দ্রীয় সরকার। মূলত সেই কারণেই আগেভাগে মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকর করতে প্রয়োজনীয় বিলটিতে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।
নারী সংরক্ষণ আইন কার্যকর করতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের
মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত আইন কার্যকর করার আগে প্রয়োজনীয় বিলে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি নিবন্ধে জানিয়েছেন, “16 এপ্রিল সংসদে মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত বিশেষ উদ্যোগ কার্যকর করতে নয়া বিল নিয়ে আলোচনা হবে এবং সেটি পাস করানো হবে।” এদিন দেশের প্রধানমন্ত্রী এও বলেন, 2029 লোকসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় মহিলাদের সংরক্ষণের বিষয়টি কার্যকর হবে।
বলাই বাহুল্য, 2023 সাল নাগাদ নরেন্দ্র মোদি সরকার মহিলাদের সংরক্ষণের ক্ষেত্রে সংবিধানের 106 তম সংশোধনী আইন জারি করেছিল। এই সংশোধনী আইন অনুযায়ী লোকসভা নির্বাচনে এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্যই সংরক্ষণ করা হবে। তবে 2023 এ লাগু হওয়া আইন মেনে চলতে গেলে 2034 এর লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে গিয়ে মহিলা সংরক্ষণ বাস্তবায়িত হবে। মূলত সে কারণেই সংশোধনী বিল অনুযায়ী 2027 এর জনগণনার অপেক্ষা না করে 2011 সালে হয়ে যাওয়া জনগণনার ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা বাড়ানো হবে এবং পুনর্ববিন্যাস করা হবে বলে জানা যাচ্ছে।
অবশ্যই পড়ুন: ইস্তেহারে ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা বিজেপির, কারা পাবে জানুন
এক্ষেত্রে, লোকসভার মোট আসন সংখ্যা এবং প্রত্যেক রাজ্যের লোকসভার আসন 50 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর জেরে লোকসভার আসনের সাথে সাথে লোকসভার সাংসদ সংখ্যা পৌঁছবে 816 তে। এক্ষেত্রে লোকসভায় তিন ভাগের একভাগ অর্থাৎ 33% বা 272টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে বিজেপি নারীদের সংরক্ষণের বিষয়টিকে সমর্থন করলেও বিরোধীরা অবশ্য মোদি সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিক ফায়দা হিসেবেই দেখছে।












