বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই সেমি হাইস্পিড ট্রেন চালু হওয়ার পর থেকেই দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রিমিয়াম পরিষেবা এবং নিজের উচ্চগতির জন্য অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছে এই ট্রেন। বিভিন্ন সময়ে নানান ক্ষেত্রে রেলের আর পাঁচটা ট্রেনের তুলনায় রেকর্ড গড়েছে বন্দে ভারত। এবার যাত্রী সংখ্যায় নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেলের এই ট্রেন।
যাত্রী সংখ্যায় নতুন রেকর্ড বন্দে ভারতের
রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 2025-26 আর্থিক বছরে বন্দে ভারত এক্সপ্রেসে প্রায় 3.98 কোটি যাত্রী ভ্রমণ করেছেন। যা ভারতীয় রেল নেটওয়ার্কে অত্যন্ত বিরল। DD নিউজের রিপোর্ট অনুযায়ী, 2024-25 আর্থিক বছরের বন্দে ভারত এক্সপ্রেসে 2 কোটি 97 লাখ মানুষ যাতায়াত করেছিলেন। যা 2025-26 আর্থিক বছরে পৌঁছে 34 শতাংশ বেড়েছে। অর্থাৎ সময়ের সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে বন্দে ভারতের।
রেলমন্ত্রক সূত্রে খবর, বছরের পর বছর ধরে রেল যাত্রীদের দ্রুত, আরামদায়ক এবং আধুনিক পরিষেবা দেওয়ার কারণেই ভারতীয় রেলের এই সেমি হাইস্পিড ট্রেন যাত্রীদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। মন্ত্রকের তরফে এও জানানো হয়, এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 লাখ ট্রিপ সম্পন্ন করেছে ট্রেনটি। সেই সূত্রেই আজ পর্যন্ত 9.1 কোটিরও বেশি যাত্রীকে পরিষেবা দিয়েছে এই বিশেষ ট্রেন।
অবশ্যই পড়ুন: দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের ঘোষণা রেলের, কোন রুটে চলবে?
উল্লেখ্য, 2019 সালের 17 ফেব্রুয়ারি প্রথমবারের জন্য নয়া দিল্লি-বারানসী রুটে চালু হয়েছিল দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। যেই ট্রেনে আজ পর্যন্ত 73 লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। যদিও চলতি বছর জানুয়ারিতে বাংলায় এসে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেনটি হাওড়া থেকে কামাখ্যা রূটে ছুটছে।












