সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার বারো মাসে তেরো পার্বণ। তবে তার মধ্যে অন্যতম উৎস বলে পয়লা বৈশাখ। আর এই উৎসবের আমেজ দ্বিগুণ করার জন্য এবার ওপার বাংলা থেকে পদ্মার রুপোলি ইলিশ আসতে পারে (Bangladeshi Hilsa Fish)। সূত্রের খবর, আসন্ন নববর্ষ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর তোড়জোড় শুরু করেছে তারেক রহমান সরকার (Tarique Rahaman)। রাজনৈতিক মহলের মতে, বাংলাদেশের ক্ষমতায় পালাবদলের পরেই তারেকের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা ইলিশ কূটনীতির মাধ্যমে আবারও ঠিক হতে পারে।
কী বলছে বাংলাদেশ সরকার?
সোমবার ঢাকায় বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মহম্মদ আমিন উর রশিদ এক সংবাদ সম্মেলনে ইলিশ রফতানি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার বাণিজ্যিকভাবে ইলিশ রফতানি করে না ঠিকই। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে সৌজন্য রক্ষার্থে উপহার হিসেবে অবশ্যই ইলিশ পাঠানো হয়ে থাকে। আর এ বছর ভারতবাসীকে সেই উপহার দেওয়া হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাশয়। মৎস্যমন্ত্রীর সংযোজন, বাংলাদেশের ইলিশের উৎপাদন বাড়াতে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। উৎপাদন বাড়লে যেমন দেশের মানুষের নাগালের ভিতরে ইলিশের দাম আসবে, ঠিক তেমনই বিদেশের বাজারেও সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
প্রসঙ্গত, ইলিশ নিয়ে জল্পনার মাঝে সোমবার সকালে বাংলাদেশের সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা দেখা করেন। তাঁদের এই বৈঠক তাৎপর্যপূর্ণ পণ্য বলেই মত বিশেষজ্ঞদের। এমনকি উক্ত বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবীর। আর এই বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি নিয়ে আলোচনা করা হয়। এমনকি হুমায়ুন কবীর জানিয়েছেন, তারেক রহমানের লক্ষ্য ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক গড়ে তোলা। আর দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা। পাশাপাশি দুই দেশের মধ্যে বিশ্বাস আর সুসম্পর্ক থাকলে যে কোনও জটিল সমস্যা সমাধান হয় বলেই জানান তিনি।
আরও পড়ুন: ভোটের আগে ফের বাংলায় মোদী, টানা ৪ দিন জনসভা ও রোড শো! কোথায় কোথায়?
তবে এক্ষেত্রে বলে রাখি, সাধারণত দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে উপহার হিসেবে ইলিশ ভারতে আসে। কিন্তু এবার পয়লা বৈশাখ বা চৈত্র সংক্রান্তির সময় যদি বড় মাপের ইলিশের চালান এপারে আসে, তাহলে তা যে বঙ্গবাসীর কাছে বিরাট খুশির হাওয়া বয়ে নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখে না।












