বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খজা আসিফ (Khawaja Asif)। কিছুদিন আগেই শহর কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছিলেন তিনি। আর তারপর পরপরই ইজরায়েলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইজরায়েলকে শয়তান এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছিলেন তিনি। এবার সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী।
ঠিক কী লিখেছিলেন আসিফ?
ইরানের সাথে বহুদিন ধরেই সংঘর্ষে লিপ্ত ইজরায়েল। ভারতের বন্ধু হিসেবে পরিচিত সেই দেশকেই সরাসরি আক্রমণ করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ইজরায়েল প্রসঙ্গে আসিফ লেখেন, “ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে তখন লেবাননে গণহত্যা চালানো হচ্ছে।” এদিন এমন বক্তব্যের পরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী লিখেছিলেন, “ইজরায়েল নিরীহ মানুষকে হত্যা করছে। প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে রক্তপাত অব্যাহত রয়েছে।”
আমেরিকার বন্ধু দেশ সম্পর্কে এটুকু বলেই থামেননি খজা আসিফ। এদিন তিনি এও বলেন, “আমি আশা এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদীদের নির্মূল করার জন্য ফিলিস্তিনি ভূমিতে ক্যান্সারের মতো দেশটিকে (ইজরায়েল) তৈরি করেছে তারা যেন জাহান্নামে যায়।”
ইজরায়েলের প্রতিক্রিয়ার পরই পোস্ট ডিলিট করেন পাক মন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইজরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন। এবং এমন ধরনের মন্তব্যকে অত্যন্ত আপত্তিকর বলে অভিহিত করেন তিনি। একই সাথে ইজরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, “এটি এমন একটি মন্তব্য যা কোনও দেশের সরকারই সহ্য করতে পারবে না।”
অবশ্যই পড়ুন: দ্বিতীয় টেস্টে গড়ল ইতিহাস, গগনযান মিশনে বড় সফলতা অর্জন ISRO-র
ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং তাঁকে ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্য ছিল, “এই নির্লজ্জ ইহুদি বিদ্বেষী ও জঘন্য অভিযোগগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ইজরায়েল। যে সরকার নিজেদের শান্তির মধ্যস্থতাকারী বলে দাবি করে তাদের এমন আচরণ শোভা পায় না।” ইজরায়েলের তরফে এমন প্রতিক্রিয়ার পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে থেকে বিতর্কিত পোস্টটি সরিয়ে দিয়েছেন খজা।












