ATM থেকেই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা, কবে শুরু পরিষেবা?

Published:

EPFO ATM Withdrawal

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই অপেক্ষা বাড়ছে EPFO সদস্যদের। আসলে খুব শীঘ্রই প্রভিডেন্ট ফান্ড (PF) সম্পর্কিত নিয়মে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। সরকার শীঘ্রই ইপিএফও ৩.০ চালু করতে চলেছে। এই নতুন ব্যবস্থা চালু হওয়ার পর পিএফ ফান্ড থেকে টাকা তোলার প্রক্রিয়াকে আরও সহজ করে দেবে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর, ইপিএফও সদস্যরা এটিএম-এর মাধ্যমেও তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।

ATM থেকে কবে ওঠানো যাবে পিএফ-র টাকা?

নতুন নিয়ম চালুর উদ্দেশ্য হলো সদস্যদের তাদের এটিএম কার্ড ব্যবহার করে নিজেদের জমা হওয়া ফান্ডের উপর সরাসরি নিয়ন্ত্রণ রাখার সুযোগ দেওয়া। দীর্ঘ বেশ কিছুটা সময় ধরে এই পরিষেবা শুরু হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু এখনো অবধি তা চালু হয়নি। কবে এটিএম থেকে পিএফ -এর টাকা তোলা সম্ভব হবে? প্রশ্ন তুলছেন সকলে।

আরও পড়ুনঃ ট্রেনের মতোই কলকাতা-বারাণসী বাসে বিশেষ সুবিধা, জানুন রুট ও ভাড়া

এক রিপোর্ট অনুযায়ী, ইপিএফও একটি নতুন সিস্টেম পরীক্ষা করছে। নতুন নিয়মগুলি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে, গ্রাহকরা UPI ট্রান্সফার এবং এটিএম-এর মাধ্যমে তাদের পিএফ-এর টাকা তুলতে পারবেন।

কত টাকা অবধি তুলতে পারবেন?

বিশেষজ্ঞদের মতে, সদস্যরা এটিএম-এর মাধ্যমে তাঁদের মোট পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। তবে, টাকা তোলার জন্য তাঁদের একটি কারণ দেখাতে হবে অবশ্যই। এই এটিএম থেকে টাকা তোলার ব্যবস্থা কীভাবে কাজ করবে বা এর সীমা কত হবে, সে বিষয়ে ইপিএফও-র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে, চিকিৎসা এবং অন্যান্য ব্যক্তিগত জরুরি অবস্থার জন্য ৭৫ শতাংশ পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ ১-২ লক্ষ টাকা তোলার অনুমতি দেওয়া হতে পারে।

কর ছাড়ও কি থাকবে?

বিশেষজ্ঞরা আরও বলছেন যে, ইপিএফও ৩.০ সংক্রান্ত এটিএম থেকে টাকা তোলার নিয়মটি শুধুমাত্র সুবিধার জন্য। এতে কোনো কর সুবিধা পাওয়া যাবে না। আপনার ইপিএফ থেকে তোলা টাকার ওপর আগের মতোই কর ধার্য হতে থাকবে।

google button