RBI-র হস্তক্ষেপে ডলারের বিপরীতে ফের শক্তিশালী হল ভারতীয় রুপি, আজকের রেট কত?

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি (Indian Rupee)। মঙ্গলবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ডলার (United States Dollar) পিছু টাকার দাম ৬ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৩ টাকায় পৌঁছল। এমনকি বেলা গড়াতেই সেই দর এসে পৌঁছেছে ৯২.৯৬ টাকায়। গতকাল বাজার বন্ধের সময় এই রেট ছিল ৯৩.০৬ টাকা। মূলত রিজার্ভ ব্যাঙ্কের কড়া নির্দেশিকার জেরে ব্যাঙ্কগুলি ডলারের মজুদ কমাতে শুরু করেছে। যার ফলে টাকার মান ফের স্থিতিশীল হতে শুরু করেছে।

কেন শক্তিশালী হচ্ছে ভারতীয় টাকা?

বাজার বিশেষজ্ঞরা বলছেন, টাকার এই সাম্প্রতিক উত্থানের পেছনে প্রধান দুটি কারণ কাজ করছে। প্রথমত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফশোর নন-ডেলিভারেবল ফরোয়ার্ড বাজারে অতিরিক্ত ফাটকা লেনদেন রুখার জন্য গত সপ্তাহে কড়া পদক্ষেপ নিয়েছিল। যে কারণে বাজারে ডলারের চাহিদা অনেকটাই কমে যায় এবং ডলারের সরবরাহ বাড়ে। এমনকি রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্কগুলোকে তাদের ডলারের পজিশন সামলানোর জন্য ১০ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়। যার ফলে বাজারে ডলারের যোগান বাড়ছে আর টাকাকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করছে।

এদিকে আগামীকাল অর্থাৎ ৮ এপ্রিল ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মুদ্রানীতি কমিটির বৈঠকের ফলাফল ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, এবার আরবিআই সুদের হারে সেরকম কোনও পরিবর্তন করবে না। এমনকি ইরান যুদ্ধের আবহে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও দেশের আর্থিক প্রবৃদ্ধি নিয়ে আরবিআই কী অবস্থান নেয় এখন সেদিকেই তাকিয়ে বিনিয়োগকারীরা।

আরও পড়ুন: RBI-র হস্তক্ষেপে ডলারের বিপরীতে ফের শক্তিশালী হল ভারতীয় রুপি, আজকের রেট কত?

তবে হ্যাঁ, টাকার মান কিছুটা বাড়লেও বিশ্ববাজারের পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আগামীকাল পর্যন্ত সময় দিয়েছে। যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে তেহরানের উপর হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। আর এই চরম উত্তেজনার জেরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম তো ১.৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১১ ডলারে পৌঁছে গিয়েছে। অন্যদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর ভারত তার প্রয়োজনের ৮৫ শতাংশ তেল আমদানি করে থাকে। সেক্ষেত্রে তেলের দাম বাড়লে ডলারের চাহিদা আবারও বাড়বে, যা টাকার মান ফের কমিয়ে দিতে পারে।

google button