সহেলি মিত্র, কলকাতাঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ভারতের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক। বর্তমানে কয়েক কোটি মানুষের অ্যাকাউন্ট আছে SBI-এ। আপনারও কি অ্যাকাউন্ট আছে? ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করবেন বলে ভাবছেন বা রয়েছে? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। অর্থবর্ষ শেষ হওয়ার আগে এফডি অ্যাকাউন্টধারীদের জন্য সুখবর শুনিয়েছে ব্যাঙ্কটি। বাড়ল সুদের পরিমাণ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
FD-তে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
এসবিআই ৩ কোটি টাকার বেশি বাল্ক ডিপোজিটের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (Bps) বাড়িয়েছে। নতুন এই হার ১৫ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হবে। এই সীমার নিচের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকবে। ফিক্সড ডিপোজিটের সুদের হারে এই ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি শুধুমাত্র নির্দিষ্ট কিছু মেয়াদের জন্য প্রযোজ্য। যেমন ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে মেয়াদপূর্তি হওয়া বাল্ক ডিপোজিটের সুদের হার ৫.১০% থেকে বাড়িয়ে ৫.৩৫% করা হয়েছে। এছাড়াও ১৮০ দিন থেকে এক বছরের কম মেয়াদের ডিপোজিটের সুদের হার ৫.৬০% থেকে বাড়িয়ে ৫.৮৫% করা হয়েছে। এক বছর থেকে দুই বছরের কম মেয়াদের ডিপোজিটের সুদের হার ৬.২৫% থেকে বাড়িয়ে ৬.৫০% করা হয়েছে।
প্রবীণ নাগরিকরা পাবেন বিশেষ সুবিধা
ব্যাঙ্কের সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি লাভবান হবেন প্রবীণ নাগরিকরা। কারণ তাঁরা আগের মতোই উচ্চতর রিটার্ন পাবেন। ৪৬ থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদের জন্য তাদের ক্ষেত্রে সুদের হার ৫.৬০% থেকে বাড়িয়ে ৫.৮৫% করা হয়েছে। ১৮০ দিন থেকে এক বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে এখন ৬.৩৫% রিটার্ন পাওয়া যাবে, যা আগে ছিল ৬.১০%। এক বছর থেকে দুই বছরের কম মেয়াদের জন্য সংশোধিত হার ৭%, যা আগে ছিল ৬.৭৫%।
এখানে জানিয়ে রাখি, যেসব বিনিয়োগকারী মেয়াদপূর্তির আগে টাকা তুলতে চান, তাঁদের জরিমানা দিতে হবে। এসবিআই সব মেয়াদের বাল্ক ডিপোজিটের উপর ১% জরিমানা বহাল রেখেছে। এর মানে হলো, মেয়াদপূর্তির আগে টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার ১% কমে যাবে।












