বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। আর সেই কাশ্মীরেরই এক মনোমুগ্ধকর জায়গা পহেলগাঁও। তবে ইচ্ছে থাকলেও সেই পহেলগাঁওয়ের স্বর্গীয় সৌন্দর্যের স্বাদ পাওয়া সবার ভাগ্যে থাকে না। ঘুরতে যাওয়ার প্রচন্ড ইচ্ছা থাকলেও অনেক সময় সাথ দেয় না পকেট। তাই নিজ রাজ্যেই এক টুকরো কাশ্মীর, বলা ভাল মিনি পহেলগাঁও (Darjeeling Mini Pahalgam) খুঁজে নিয়েছিলেন পর্যটকরা।
দার্জিলিংয়ের মাঝিধুরা গ্রামে গেলেই মনে হবে যেন কাশ্মীরের পহেলগাঁওয়ে চলে এসেছেন। চারিদিকে সবুজে ঘেরা মনমুগ্ধকর পরিবেশ, উচু পাহাড় এবং পাইনের জঙ্গল সহ অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রামে ছুটে যেতেন ভ্রমণ প্রিয় মানুষজন। তবে এবার থেকে আর দার্জিলিংয়ের মিনি পহেলগাঁওয়ে ইচ্ছে থাকলেও যাওয়া যাবে না। সূত্রের খবর, বেশকিছু কারণে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের এই জনপ্রিয় পর্যটন ক্ষেত্রটি।
কোথায় রয়েছে এই মাঝিধুরা?
আগেই জানানো হয়েছে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ বলা ভালো গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিত মাঝিধুরা বা বাংলার মিনি পহেলগাঁও। এই ছোট্ট গ্রামটি রয়েছে উত্তরবঙ্গের লেপচাজগত এবং সুখিয়াপোখরির ঠিক মাঝখানে। সুখিয়াপোখরি থেকে এক কিলোমিটার এগোলেই পড়বে একটি পেট্রোল পাম্প। তার ঠিক উল্টোদিক থেকে নেমে গিয়েছে একটি রাস্তা। ওই রাস্তা ধরে কিছুটা নিচের দিকে নেমে গেলেই পেয়ে যাবেন দার্জিলিংয়ের মিনি পহেলাগাঁও বা মাঝিধুরা গ্রাম। মূলত কলকাতা থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে, সেখান থেকেই দার্জিলিং যাওয়ার গাড়ি ধরে ঘুম স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি বদলে সোজা পৌঁছে যাওয়া যায় এখানে।
অবশ্যই পড়ুন: ফিরছেন দুই সুপারস্টার! পাকিস্তানকে টাইট দিতে এই একাদশ নিয়ে নামতে পারে ভারত
কেন বন্ধ করে দেওয়া হল মিনি পহেলগাঁও?
প্রথমেই বলে রাখি, মাঝিধুরা আদতে একটি ছোট্ট গ্রাম। গ্রামটির জনসংখ্যাও অত্যন্ত কম। তবে এই অঞ্চলটি সাম্প্রতিককালে পর্যটকদের অন্যতম প্রিয় ক্ষেত্র হয়ে ওঠায় এখানে লোকজনের বাড়ি ঘরের তুলনায় ব্যবসায়িক হোমস্টের সংখ্যাই বেশি। যা খবর, এই ছোট্ট গ্রামে প্রায় 10-15টি হোম স্টে রয়েছে। তবে শোনা যাচ্ছে, সাম্প্রতিককালে এই গ্রামে পর্যটকদের ভিড় সহ নানান কারণে লাফিয়ে বেড়েছে পরিবেশ দূষণ। তাতে মৃত্যু হয়েছে বেশ কিছু স্যালামান্ডারের। মূলত সেই কারণেই আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে মাঝিধুরা মিনি পহেলগাঁও।











