সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল পেমেন্ট (Mobile Payment) বা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে দিনের পর দিন জালিয়াতি বেড়ে চলেছে। তবে সেই প্রতারণা রুখার জন্যই এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখার জন্য নতুন নিয়ম চালু করছে আরবিআই। সম্প্রতি প্রকাশিত একটি প্রস্তাবনায় কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এবার এক ঘণ্টার কুলিং আপ পিরিয়ড বা গ্যাপ রাখা হতে পারে।
কেন এক ঘণ্টার বিলম্ব?
আরবিআই এর যুক্তি, বর্তমান সময়ে অধিকাংশ জালিয়াতি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে নয়, বরং সাইবার প্রতারণা বা গ্রাহককে ভুল বুঝিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যমে ঘটছে। টাকা ট্রান্সফার করার পর অনেক সময় গ্রাহক বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। তাই এক ঘণ্টার বিলম্ব থাকলে গ্রাহক চাইলে সেই লেনদেন আবারও বাতিল করার সুযোগ পান। এদিকে এই সময়সীমার মধ্যে ব্যাঙ্কগুলিও কোনও সন্দেহজনক লেনদেন চিহ্নিত করে আটকে দিতে পারবে বলে জানানো হয়েছে।
তবে শুধুমাত্র ১০ হাজার টাকা নয়, বরং ৫০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে আরও কড়াকড়ি প্রস্তাব দিয়ছে রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষ করে প্রবীণ নাগরিক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার অতিরিক্ত ভেরিফিকেশন স্টেপ যোগ করা হতে পারে। সেক্ষেত্রে মোটা অংকের লেনদেন করার সময় কোনও বিশেষ ব্যক্তির অনুমতি বা যাচাইকরণ প্রয়োজন পড়তে পারে। যদিও সবটাই এখনও আলোচনাসাপেক্ষ। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আরবিআই।
আরও পড়ুন: মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে অনেকটাই কমল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট
এদিকে প্রতারকরা প্রায়শই অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সরিয়ে ফেলে, যাকে মিউল অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। আর এটি রুখার জন্য বছরে ২৫ লক্ষ টাকার বেশি ক্রেডিট হওয়ার ক্ষেত্রে কড়া নজরদারির প্রস্তাব দেওয়া হচ্ছে। এই সীমার বেশি টাকা ঢুকলে অতিরিক্ত তথ্য যাচাই ছাড়া সেই অর্থ রিলিজ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই চাইছে, ডিজিটাল পেমেন্টের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রাহকদের হাতেই রাখতে। প্রস্তাবিত নিয়মগুলির মধ্যে রয়েছে — গ্রাহকরা নিজেই তার দৈনিক লেনদেনের সীমা সেট করে রাখতে পারবে। এমনকি প্রয়োজন না থাকলে ডিজিটাল পেমেন্ট অপশন বন্ধও রাখতে পারবে। আর জালিয়াতির বিন্দুমাত্র সন্দেহ হলে গ্রাহক নিমেষের মধ্যেই তার সমস্ত ডিজিটাল লেনদেন অকেজো করে দিতে পারবে । এখন দেখার, আরবিআই এই নিয়ম আদৌ চালু করে কিনা।












