প্রীতি পোদ্দার, কলকাতা: পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কে না পছন্দ করে। তবে শুধু ঘর নয় বাড়ির রান্নাঘরকেও (Kitchen) সুন্দর ঝকঝকে রাখা গুরুদায়িত্ব হয়ে ওঠে সকলের কাছে। কারণ এখানে যে পরিবারের সকলের জন্য নানা পদ রান্না হয়। কত শাক, সবজি, ফল, মাছ মাংস আঢাকা থাকে। তাই হেঁশেল পরিষ্কার রাখা সত্যিই জরুরি। কিন্তু পরিষ্কার করা হলেও রান্নাঘর থেকে উঁকি মারে ছোট বড় আরশোলা (Cockroaches)। খাবারের উপর যত্রতত্র উড়ে বেড়ায়। তাই এর থেকে নিস্তার পাওয়ার জন্য চারটি ঘরোয়া টোটকা (Kitchen Cleaning Tips) নিয়ে এসেছে আমাদের এই আজকের প্রতিবেদন।
আরশোলার দাপটে নাজেহাল সকলে।
বাড়ির রান্নাঘরেই হোক কিংবা শৌচাগার, ছোট বড় আরশোলার দৌরাত্ম্য এতটাই বেড়ে যায় যে অনেক গৃহস্থেরই নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। ফিনাইল, কেরোসিন দিয়ে যতই পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হোক না কেন, আরশোলার উপদ্রব থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে, তখন বাধ্য হয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করতে হয়। তবে সেগুলি পোকাদের মতোই আমাদের শরীরের ক্ষেত্রেও বেশ ক্ষতিকারক। বিশেষ করে বাড়িতে শিশু থাকলে তা আরও বিপদজ্জনক। তাই সেই সব ঝামেলা থেকে মুক্তি পেতে জেনে নিন, কোন ঘরোয়া টোটকা দিয়ে আরশোলার হাত থেকে রেহাই মিলবে।
মরিচ স্প্রে এবং নিম তেলের কামাল
আমাদের সকলের রান্নাঘরেই গোলমরিচ কিংবা লঙ্কার গুড়ো থেকেই। এবার সেই লঙ্কার গুড়োর সঙ্গে যদি খানিক জল মিশিয়ে নেওয়া যায় তাহলেই তৈরি মরিচ স্প্রে। এবার সেই স্প্রে রান্নাঘর থেকে শুরু করে বাড়ির অন্যত্র কিংবা ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিন। তাতেই দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। এছাড়াও আরশোলার উপদ্রব কমানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন নিম। কারণ নিমের তিতো হল আরশোলার যম। এক্ষেত্রে একটি স্প্রে বোতলে পরিমাণ মতো জল নিয়ে তার সঙ্গে মিশিয়ে দিন নিম তেল। ভালো ভাবে মিশিয়ে বানান একটি মিশ্রণ। তারপরে রান্নাঘরের স্থানে স্থানে সেই নিম তেল মিশ্রিত জল স্প্রে করলেই গায়েব হবে আরশোলা।
আরও পড়ুন: এবার আধার নিয়ে বড় পদক্ষেপ UIDAI-র, কমিশনের কাছে গেল চিঠি
তেজপাতার তেজে পালাবে আরশোলা
আরশোলার উপদ্রব কমাতে পিপারমিন্ট অয়েলেরও জুড়ি মেলা ভার। তার জন্য স্প্রে বোতলে পরিমাণ মতো জল নিন এবং তার সঙ্গে মিশিয়ে দিন ১৫-২০ ফোঁটা পিপারমিন্ট অয়েল। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সারা রান্নাঘরে স্প্রে করুন। দেখবেন হেঁশেলের কাছেও ঘেঁষবে না আরশোলা। স্প্রে ছাড়াও আরশোলা তাড়াতে তেজপাতা কিন্তু মোক্ষম দাওয়াই। কয়েক দিন রান্না ঘরের কোনায় কোনায় তেজপাতার গুঁড়ো ছড়িয়ে দিন। এর ঝাঁঝালো গন্ধ আরশোলা সহ্য করতে পারে না ঘর ছেড়ে পালাবেই। ফলে উপকার পাবেন দ্বিগুণ।












