বিক্রম ব্যানার্জী, কলকাতা: EPFO সদস্য হয়ে থাকলেই কোনও রকম প্রিমিয়াম জমা না দিয়েই সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যেতে পারে 7 লাখ টাকা পর্যন্ত বিমা (EPFO Insurance)। হ্যাঁ, ঠিকই পড়েছেন। একজন চাকরিজীবী ব্যক্তি যদি প্রত্যেক মাসে EPFO অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে অর্থ সঞ্চয় করে থাকেন তবে তিনি সম্পূর্ণ বিনামূল্যেই 7 লাখ টাকা পর্যন্ত জীবন বিমা পেতে পারেন। এই বিশেষ বিমা প্রকল্পটি এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্সুরেন্স নামেই পরিচিত।
কেন এই বিমা প্রকল্পটি চালায় EPFO?
আসলে কোনও কর্মচারীর মৃত্যুর পর তাঁর পরিবার যাতে আর্থিক দিক থেকে নিরাপত্তা পায় সেদিক নিশ্চিত করতেই এই বিশেষ বিমা প্রকল্পটি চালায় EPFO। বলাই বাহুল্য, কোনও চাকুরীজীবী যদি হঠাৎ করেই মারা যান সে ক্ষেত্রে তাঁর মনোনীত উত্তরাধিকার অর্থাৎ নমিনি EPFO বিমার সমস্ত অর্থ পাবেন। যদিও সব ক্ষেত্রে সর্বোচ্চ 7 লাখ টাকা পাওয়া যায় না।
বলে রাখা প্রয়োজন, বেসরকারি কোম্পানিতে কর্মরত যেকোনও ব্যক্তি কোনও রকম প্রিমিয়াম ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে এই বিমা করাতে পারেন। এই বিমা থেকে মৃত চাকরিজীবীর পরিবারকে কত টাকা দেওয়া হবে তা নির্দিষ্ট সূত্র অনুসারে গণনা করা হয়ে থাকে। বিমার পরিমাণ হিসেব করা হয় গত 12 মাসের মূল বেতন এবং DA এর উপর নির্ভর করে। সেক্ষেত্রে বিমা কভারের দাবি শেষ মূল বেতন সহ DA এর 35 গুন হয়ে থাকে। সেই সাথে যিনি এই বিমার দাবিদার তাকে 1 লাখ 75 হাজার টাকা পর্যন্ত বোনাস দেওয়া হয়। জানিয়ে রাখি, এই বিমা করতে হলে EPFO র কাছে নির্দিষ্ট কর্মচারীর সংস্থাকে আবেদন করতে হয়।
অবশ্যই পড়ুন: দুয়ারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীত কাটিয়ে বৃষ্টি! কেমন থাকবে আজকের আবহাওয়া?
কখন এই টাকা দাবি করা যায় না?
EPFO র তরফে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, EPFO সদস্যরা EDLI স্কিমের অধীনে ততদিন থাকেন যতদিন তারা চাকরি করছেন। চাকরি ছাড়ার পর যদি কর্মীর মৃত্যুও হয় সেক্ষেত্রে তাঁর মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকার এই অর্থ দাবি করতে পারবেন না। অর্থাৎ যদি কোনও কর্মচারী চাকরিরত অবস্থায় বা চাকরির সময়কালে দুর্ঘটনা বা অসুস্থতার কারণে মারা যান সে ক্ষেত্রে EDLI দাবি করা যাবে। সেই সাথে EPFO সদস্য যদি টানা 12 মাস অর্থাৎ এক বছর কাজ করেন তবে কর্মচারীর মৃত্যুর পর নমিনি কিছু না হলেও আড়াই লাখ টাকা পেতে পারে। তবে যদি কোনও কর্মীর নমিনি না থাকে সেক্ষেত্রে তাঁর স্ত্রী, অবিবাহিত কন্যা এবং নাবালক পুত্র সম্পর্কের যথাযথ প্রমাণ দেখিয়ে বিমার অর্থ দাবি করতে পারেন।











