সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। আর সেইসঙ্গে প্যান কার্ড (PAN Card) সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আনছে আয়কর দফতর (Income Tax Department)। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নিয়মগুলি যদি না জানেন, তাহলে দৈনন্দিন ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে কেনাকাটা সবক্ষেত্রে প্রভাবিত হবেন। এমনকি প্যান কার্ডে এই তথ্য ভুল করলেই মোটা অংকের টাকা জরিমানা করা হতে পারে আর কার্ড বাতিল হয়ে যেতে পারে। জেনে নিন কোন কোন নিয়মে বদল আসছে।
বদলে যাচ্ছে প্যান কার্ডের সাতটি নিয়ম
১) এতদিন যাবৎ ৫০,০০০ টাকার বেশি লেনদেন করতে ব্যাংকে প্যান কার্ড লাগত। কিন্তু আজ থেকে সেই নিয়ম বদলানো হচ্ছে। এখন থেকে ব্যাংক বা পোস্ট অফিসে এককালীন ১০ লক্ষ টাকা কিংবা তার বেশি জমা দিতে বা তুলতে গেলেই প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক।
২) প্যান কার্ড সংক্রান্ত যে কোনও তথ্য গোপন করলে কিংবা ভুল প্যান নম্বর ব্যবহার করলে আয়কর আইনের ২৭বি ধারা অনুযায়ী এবার থেকে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হতে পারে। তাই যে কোনও নথিতে প্যান নম্বর দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকা উচিত।
৩) এতদিন যাবৎ ৫০,০০০ টাকার বেশি হোটেল বিল মেটানোর জন্য প্যান কার্ড লাগত। কিন্তু ১ এপ্রিল থেকে এই সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ কোনও হোটেল বা ব্যাঙ্কুয়েট হলে ১ লক্ষ টাকার বেশি বিল মেটাতে গেলেই তবে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক।
৪) নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র আধার কার্ড থাকলে আপনি আর প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। ঠিকানা বা বয়সের প্রমাণপত্র হিসাবে অন্য যে কোনও একটি ডকুমেন্ট দিতে হবে। আধার ভিত্তিক ই-কেওয়াইসির মাধ্যমে আর এই আইডি মিলবে না।
৫) জমি কিংবা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে এবার বদলানো হচ্ছে নিয়ম। আগে ১০ লক্ষ টাকার উপর সম্পত্তি লেনদেনের করার ক্ষেত্রে প্যান কার্ড লাগত। কিন্তু এখন সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। ২০ লক্ষ টাকার বেশি সম্পত্তি কেনা বা বেচার ক্ষেত্রে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক।
৬) আপনি যদি দু’চাকা কিংবা চারচাকার যে কোনও যানবাহন কিনতে চান যার মূল্য ৫ লক্ষ টাকার বেশি, তাহলে সেই ক্ষেত্রে আর প্যান কার্ড ছাড়া গাড়ি কিনতে পারবেন না। দামি গাড়ি বা লাক্সারি কার কেনার ক্ষেত্রে এবার প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক।
৭) আজ থেকে আপনি যে কোনও বীমা কিংবা ইন্সুরেন্স পলিসি কিনতে গেলে অবশ্যই প্যান কার্ড দিতে হবে। প্রিমিয়ামের অঙ্ক যাই হোক না কেন, প্যান কার্ড ছাড়া আর কোনও রকম নতুন পলিসি ইস্যু হবে না।












