প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় ভোটের আবহে (West Bengal Election 2026) একদিকে যখন অমিত শাহ তৃণমূলের দুর্নীতির চার্জশিট পেশ করছেন সকলের সামনে অন্যদিকে আজ বীরভূমের (Birbhum) লাভপুরের সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু তাই নয়, আগামী ৫ বছরে উন্নয়নের কাঠামো আরও শক্ত ভাবে গড়ে তুলতে সেখানকার মানুষের কাছে ৫ প্রতিজ্ঞা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীণদের জন্য নিয়ে আসলেন বড় ঘোষণা।
বীরভূমের মেগা সভায় অভিষেক
বীরভূমের লাভপুরে দলীয় প্রার্থী অভিজিৎ সিনহার সমর্থনে আয়োজিত জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে বিঁধে জানিয়েছেন যে, “এবারের ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধের জবাব দেওয়ার ভোট। আসন্ন লড়াই বিজেপিকে ৫০-এর নিচে নামানোর লড়াই।” এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারীক্ষমতায়ন যে অনন্য উচ্চতায় পৌঁছেছে, তা মনে করিয়ে দিয়ে অভিষেকের তোপ, “বিজেপি এখন ভোট পাওয়ার আশায় ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ক্ষমতা থাকলে যে ১৫টি রাজ্যে ওরা ক্ষমতায় রয়েছে, আগে সেখানে দিয়ে দেখাক।”
প্রবীণদের জন্য বড় ঘোষণা অভিষেকের
বীরভূম থেকে ‘৫টি প্রতিজ্ঞা’র প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন। আর সেগুলি হল আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, সকলের বাড়িতে নলবাহিত পরিশ্রুত জল, স্বাস্থ্য মডেল। এছাড়াও আগামী ৫ বছরের মধ্যে প্রতিটি যোগ্য নাগরিককে পাকা বাড়ি দেবে রাজ্য সরকার। পাশাপাশি বার্ধক্য ভাতার আবেদনের ৬ মাসের মধ্যে তা মঞ্জুর করার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই নিয়ে খুব খুশি সকলে। এদিন বীরভূমে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান এবার ‘৬০ হাজার’ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে অভিষেক বলেন, বাংলা থেকে দিল্লির স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি বীরভূমের মাটি থেকে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা প্রকাশ করে বিজেপিকে ‘দাঙ্গাবাজ’ বলে তোপ দাগেন অভিষেক।
আরও পড়ুন: জমা জলের অভিযোগ করায় সরকারি প্রকল্প থেকে নাম কাটার হুমকি ভবানীপুরে!
জনসভার মঞ্চ থেকে মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করে অভিষেক বলেন, “২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, যা আজ ১০০০ টাকা ছাড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে মোদী সরকার সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে।” তাঁর কথায়, “বিজেপি যখন মানুষের ঘর বা দোকান ভাঙার রাজনীতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন মানুষের হাতে অধিকার তুলে দিচ্ছেন।” সভা শেষে উপস্থিত জনতাকে ‘ভয় বনাম ভরসা’র লড়াইয়ে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।












