বিজেপি এই কাজ করলে সব প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল, ঘোষণা অভিষেকের

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের (West Bengal Election 2026) দিন যত এগিয়ে আসছে ভোট প্রচারের পালা যেন ততোই বাড়ছে। প্রার্থীদের সমর্থনে একের পর এক সভা করছেন শাসকদলের নেতৃত্বরা। গতকাল বুধবার, দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশিস হুদাইত এবং দাঁতনের প্রার্থী মানিক মাইতির সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ আনেন তিনি। শুধু তাই নয় রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপি গোষ্ঠীকে।

বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

দাঁতনের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি মঞ্চে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ বাংলার পাশে ওড়িশা সরকার যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করে, তবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রত্যাহার করব।” এখানেই শেষ নয় তিনি আরও বলেন, ”গত কয়েকদিন আগেই দাসপুরের বিজেপির এক নেতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপি কোনও ব্যবস্থা নেয়নি।” তাই বিজেপিকে নারীবিদ্বেষী বলেও এদিন তোপ দাগেন ডায়মন্ড হারবারের সাংসদ।

দাসপুরে ‘গোল্ড হাব’ করবেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দাঁতনের সভায় ফের একবার তৃণমূলের ‘দশ প্রতিজ্ঞা’র কথা মনে করিয়ে দেন এবং বলেন আজীবন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান-সহ যে সমস্ত উন্নয়ন মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে সেই পরিসংখ্যানও এদিন দাসপুরের সভা থেকে তুলে ধরেন তিনি। জনসমক্ষে তিনি জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে দাসপুরের ‘গোল্ড হাব’ চালু হবে। জানা গিয়েছে এদিন সভা থেকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের মোটা টাকার প্রলোভন দেখানোর অভিযোগ তোলেন তৃণমূল সেনাপতি।

বিজেপির ‘চক্রান্ত’ ফাঁস অভিষেকের

দাসপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যারা, তাঁরা যুক্ত। তাঁদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন, বিজেপির দিল্লি অফিস থেকে ফোন আসছে এবং বলা হচ্ছে, অনেক তৃণমূল করেছ, আর নয়। বিজেপিতেযোগ দেওয়ার জন্য টাকা অফার করছে। আমি বলব বিজেপি থেকে টাকার অফার পেলে দরদাম করবেন। যদি দু’হাজার টাকা ওরা দিতে চায়, সেটা দরদাম করে ৫০০০ করবেন। ৫০০০ দিতে চাইলে ১০ হাজার চাইবেন। আর ১০ হাজার টাকা দিতে চাইলে পঞ্চাশ হাজার। কারণ টাকাটা আপনার। টাকা বিজেপির কাছ থেকে নেবেন আর ভোট করাবেন জোড়াফুলের হয়ে।”

আরও পড়ুন: বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মীর মৃত্যু

উল্লেখ্য, ভোটের আগে তৃমূলের বিশেষ নজর পড়েছে উত্তরবঙ্গে। কারণ এই অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাই এই অঞ্চলে এবার জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৬ ও ৩১ মার্চ দুই দফায় উত্তরবঙ্গ সফর করবেন। জানা গিয়েছে এই সফরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক কর্মীসভা, জনসভা এবং শোভাযাত্রা করবেন তিনি।

google button