প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে আর ১ মাসও নেই, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্য জুড়ে দুই দফায় ভোট (West Bengal Election 2026) গ্রহণ হতে চলেছে। তাই ভোট প্রচারের ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে নজর রেখেছেন রাজনীতিবিদরা। এদিকে রাজ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হার ‘নিশ্চিত’ বলে ধরেই নিয়েছে বিজেপি। এবার সেই একই সুর শোনা গেল অমিত শাহের গলায়। রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশের আগে মমতাকে (Mamata Banerjee) আরও আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করবে শাহ
বিজেপি সূত্রে খবর, আজ, ২৮ মার্চ নিউ টাউনের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ১৫ বছরের শাসনের ‘চার্জশিট’ পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং আইন-শৃঙ্খলার অবনতির মতো একাধিক ইস্যু তুলে ধরা হয়েছে এই ‘চার্জশিটে’। দলীয় শীর্ষ নেতৃত্বের দাবি, প্রায় ৪০ পৃষ্ঠার এই নথিতে ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির চিত্রটাকে তুলে ধরা হয়েছে। এমতাবস্থায় এক সংবাদ সংস্থার সাক্ষাৎকার পর্বে প্রতিটি পদে পদে এবার মমতাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ।
SIR ইস্যু নিয়ে মমতাকে আক্রমণ শাহের
রাজ্যে SIR নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার আঙুল তুলেছেন নরেন্দ্র মোদীর সরকারের দিকে। অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে মোদী-শাহের সরকার। এবার সেই নিয়েই শুক্রবার অমিত শাহ বলেন, ‘‘তামিলনাড়ু, কেরলেও SIR হয়েছে। সেখান থেকে কোনও অভিযোগ আসেনি। না সেখানে বিচারক রাখতে হয়েছে, না সময়সীমা বাড়াতে হয়েছে! কেউ ধর্নায় বসেন না! কেউ সেখানে ভাষণে বলেন না, SIR করতে এলে ঘর থেকে হাতিয়ার বার করে হামলা করুন। কমিশন আমাদের কথায় চললে কেরল, তামিলনাড়ু থেকে কেন অভিযোগ এল না? ’’
অনুপ্রবেশ প্রসঙ্গ তুললেন অমিত
রাজ্যে অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, “ বাংলায় খোলাখুলি অনুপ্রবেশ হয়েছে। বাংলা গোটা দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। গোটা রাজ্যের বাসিন্দারা ভীত। তবে SIR করে অনেক কাজ হচ্ছে। অনুপ্রবেশকারী, যাঁরা ভুল নথি দেখিয়ে নাগরিক হয়েছেন, তাঁদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। যে রাজ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারীদের নাগরিক করা হয়েছে, সেখানেই তো বেশি ভোট কাটবে।” তিনি আরও বলেন, “এই মঞ্চ থেকে মমতাজিকে বলছি, যত কান্নাকাটি করার করে নিন। আমরা প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে ভোটার তালিকা থেকে বার তো করবই, দেশ থেকেও বার করব।”
পা ভাঙা ঘটনায় মমতাকে কটাক্ষ
মমতা সরকার রাজ্যে বিপুল বাহিনী নিয়োগ নিয়েও কটাক্ষ করেছিলেন অমিত শাহকে, সেই নিয়েও বিরোধিতা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই অবস্থায় সাংবাদিকরা প্রশ্ন করেন অমিতকে যে মমতা কেন সহানুভূতি পাবেন না এবারের নির্বাচন? এই প্রশ্নের উত্তরে শাহ কটাক্ষ করে প্রথমে বলেন, ‘‘এ বার এখনও পা ভাঙেনি। আগের বার ভোটের সময়ে অতিমারি ছিল। শেষ তিন দফা ভোটের আগে আমরা আর প্রচারই করিনি। কারণ বড় জনসভায় বড় জমায়েত থেকে করোনা ছড়ানোর আশঙ্কা ছিল। তৃণমূল সে সব মানেনি। তারা প্রচার চালিয়ে গিয়েছিল। তবে আমাদের বিশ্বাস এ বার পশ্চিমবঙ্গে নিশ্চিত ভাবে পরিবর্তন আসবে।”
আরও পড়ুন: ১১ প্রার্থীর ভোটে দাঁড়ানো নিয়ে আশঙ্কা, তড়িঘড়ি হাইকোর্টের দারস্থ তৃণমূল
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পা ভেঙে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পায়ে প্লাস্টার জড়িয়ে হুইলচেয়ারে করে ভোটপ্রচারে ঘুরেছিলেন তিনি। সেই নিয়ে কটাক্ষ করে এই মন্তব্য করলে অমিত শাহ। এছাড়াও তিনি এদিন জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কী পদক্ষেপ করা হবে, তার রূপরেখা তৈরি রয়েছে। তাঁর কথায়, ‘‘বিজেপির সরকার এলে যত সংস্থা চলে গিয়েছে, সেগুলি ফিরবে। নিয়োগ পরীক্ষায় বয়সের সীমা বাড়াব। মমতার জন্য যাঁদের পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছে, তারা সুযোগ পাবেন।’’












