প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ বাড়ছে। আর এই অবস্থায় ভোটের আগে বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবীর। গতকাল একটি সাংবাদিক বৈঠক করে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুনের বিজেপি যোগ নিয়ে একটি গোপন ভিডিও ফাঁস করেছিল তৃণমূল। আর তাতেই কবীরের (Humayun Kabir) সঙ্গ ছাড়লেন আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। এমনকি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাঁর দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) একক ভাবেই লড়াই করবে বলে বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
হুমায়ুনের ভাইরাল ভিডিও
গতকালই তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবীরের একটি স্টিং ভিডিয়ো প্রকাশ্যে এনে বিজেপি এবং তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিল। যেখানে ওই ভিডিয়োতে হুমায়ুন কবীরের সঙ্গে এক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছিল। প্রাথমিক অনুমান উনি ছিলেন হয়ত কোনো বিজেপি নেতা। আর সেখানেই বিস্ফোরক নানা কথা বলতে শোনা গিয়েছে হুমায়ুনকে। তিনি বলেন, ‘সংখ্যালঘুদের বোকা বানানো খুব সহজ’। নির্বাচনে তিনি তৃণমূলের মতোই বিজেপির বিরোধিতা করলেও, পরে সমর্থন জানাবেন বলে উল্লেখ করেছিলেন। এমনকি ১০০০ কোটি টাকার কোনও ডিল নিয়ে আলোচনা করতেও শোনা যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। এমতাবস্থায় বড় পদক্ষেপ নিল আসাদউদ্দিন ওয়েইসির দল।
বিবৃতি প্রকাশ ওয়েইসির দলের
রিপোর্ট মোতাবেক, আজ, শুক্রবার সকালে আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)- এর তরফে পোস্ট করে লেখা হয় যে, “ বাংলার মুসলমানরা অত্যন্ত দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাদের উন্নয়নের জন্য কিছুই করা হয়নি। হুমায়ুন কবীরের সত্য ফাঁস প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা কতটা আবেগপ্রবণ। মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে হুমায়ুন কবীরের দলের সঙ্গে সমস্ত জোট ভাঙল।” এছাড়াও বিবৃতির মাধ্যমে আসন্ন নির্বাচনে একলা লড়াইয়ের ডাকও দেওয়া হয়েছে মিমের তরফে। চরম শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
Humayun Kabir’s revelations have shown how vulnerable Bengal’s Muslims are. That AIMIM cannot associate with any statements where integrity of Muslims is brought into question. As of today, AIMIM has withdrawn its alliance with Kabir’s party. Bengal’s Muslims are one of the…
— AIMIM (@aimim_national) April 10, 2026
কী বলছেন হুমায়ুন কবীর?
ওয়েইসির সিদ্ধান্ত নিয়ে হুমায়ুন কবীর বলেন, “ওঁর সিদ্ধান্ত উনি নিতেই পারেন। এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে রাজি নই। ওয়েইসি সাহেবকে আমি ব্যক্তিগত ভাবে সম্মান করি। ওঁর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে। ভবিষ্যতেও থাকবে।” ভাইরাল এই ভিডিও ঘিরে আগেই হুমায়ুন কবীর জানিয়েছেন, “তৃণমূল একটা কারসাজি করেছে। আমার উল্টো দিকে কোন ব্যক্তি বসে, তা যাচাই করা হয়নি। কৃত্রিম মেধা ব্যবহার করে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। যদি ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারে তাহলে হাই কোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক।”
আরও পড়ুন: বাংলায় ফের ED-র হানা! রেশন দুর্নীতি কাণ্ডে ১২ জায়গায় একসঙ্গে চলছে তল্লাশি
নির্বাচন নিয়েও বেশ স্পষ্টবাদী হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন , “আমি ভীত নই, চিন্তিতও নই। আমার দল ১৮২টি আসনে লড়ছে। সেখানে যথাযথ ভাবে প্রচার চলবে। আমি আশাবাদী যে, আমরা উল্লেখযোগ্য ফলাফল করে দেখাব। মানুষ আমাকে সমর্থন করবে।”প্রসঙ্গত, নির্বাচনের প্রাক্কালে ওয়েইসি এবং হুমায়ুনের জোট ভেঙে যাওয়ায় রাজ্যে সংখ্যালঘু ভোটে বড় প্রভাব পড়বে বলে মনে করেন অনেকে। যদিও আগেই হুমায়ুনকে পাশে নিয়ে হায়দরাবাদের সাংসদ ওয়েইসি বলেছিলেন, ‘‘আমরা এখানে বেশি আসন চাই না। এখানে আমাদের সঙ্গী হুমায়ুন-কে সঙ্গ দিতে এসেছি।’’ কিন্তু ১৯ মিনিটের ওই ভিডিয়ো সেই সম্পর্ক ভেঙে দিল বলেই অনেকেই মনে করছেন।












