প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এইসময় রাজনীতির আখড়ায় উঠে আসছে একের পর এক বড় পরিবর্তন। লাল ঝান্ডার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেই ছাব্বিশের ভোটের আগে রাতারাতি রাজনৈতিক চর্চার কেন্দ্রে চলে এল ডায়মন্ড হারবারের লড়াকু নেতা প্রতীক উর রহমান। সোমবার ইস্তফা পত্র দিয়ে রীতিমত দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। এদিকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। চলতি সপ্তাহেই নাকি প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman) তৃণমূলে যোগ দিচ্ছেন।
দল থেকে ইস্তফা দিলেন প্রতীক উর রহমান
রিপোর্ট মোতাবেক, CPIM-এর রাজ্য কমিটি থেকে আজ ইস্তফা দিলেন প্রতীক উর রহমান। এবং এই প্রসঙ্গে তিনি একটি চিঠি লিখেছেন শীর্ষ নেতৃত্বকে। বর্তমানে ভাইরাল সেই ইস্তফা পত্র। দল ছাড়ার কারণ হিসেবে জানিয়েছেন পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে নাকি সে নিজেকে কিছুতেই খাপ খাওয়াতে পারছে না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাই এই সিদ্ধান্ত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও এই ইস্তফা পত্র শেয়ার করে কটাক্ষ করেছিলেন। কিন্তু এসবের মধ্যেই রাতারাতি গুঞ্জন বাড়তে থাকে যে প্রতীক নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে যোগাযোগ করেছিলেন। চলতি সপ্তাহেই তৃণমূলে যোগদানের সম্ভাবনা প্রবল।
তৃণমূলে যোগ দেবেন বাম নেতা প্রতীক?
অনেকের মতে, আমতলায় তৃণমূলের সভায় দলের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দেবেন প্রতীক উর রহমান। থাকবেন দক্ষিণ ২৪ পরগনার প্রথমসারির এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মগরাহাট পূর্ব অথবা পশ্চিম আসনে প্রার্থী হতে পারেন তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডায়মন্ড হারবারের এক তৃণমূল নেতা জানিয়েছেন, প্রতীক উর সিপিএম ছাড়ছেনই। দলবদলও হয়ে যাবে অভিষেকের হাত ধরে। তবে তাঁকে এখনই ভোটে দাঁড় করানো হবে না। তাঁকে আগে দলের সাংগঠনিক স্তরের বড় পদ দেওয়া হতে পারে। এই জল্পনার ভিত্তিতে তৃণমূল এবং প্রতীক উরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু কিছুই জানা যায়নি। অন্যদিকে সিপিএমও এই নিয়ে মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন: যুবসাথীর পর সবুজ সাথীর সাইকেল নিয়েও বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
প্রসঙ্গত, এর আগে সিপিএমের সাংসদ ছিলেন বর্তমান রাজ্যসভার তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে CPIM তাঁকে প্রথম সাসপেন্ড করে এবং পরে বহিষ্কার করেছিল। বেশ দাপুটে নেতা ছিলেন। এক সময় বামেদের সাংসদ হিসেবেও রাজ্যসভায় জায়গা পান ঋতব্রত। শোনা যেত, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘ব্লু আইড বয়’ ছিলেন তিনি। পরে তিনি ২০২০ সালে যোগদান করেছিলেন তৃণমূলে। আর এবার আরও এক দাপুটে এসএফআই নেতার তৃণমূলে যোগদান নিয়ে এখন চলছে জোর জল্পনা।












