প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচন (West Bengal Election 2026) যত এগিয়ে আসছে শাসকদল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের পারদ আরও তীব্র হচ্ছে। গত লোকসভা নির্বাচনে চুমু খেয়ে ভাইরাল হয়েছিলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তীব্র বিতর্ক হয়েছিল সেই ঘটনাকে ঘিরে। আর এবার আসন্ন বিধানসভা নির্বাচনে আবারও খবরের শিরোনামে উঠে এল চুমু বিতর্ক। জানা গিয়েছে, প্রচার চলাকালীন ‘জয় বাংলা’ স্লোগান শুনে এক তৃণমূল সমর্থককে চুমুতে ভরিয়ে দিয়েছেন শিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তাই এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূল সমর্থক।
কী বলছেন ওই তৃণমূল সমর্থক?
ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে শক্তি দেবনাথ নামে ওই তৃণমূল সমর্থক জানান, “আমি শিবপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। সেদিন আমি আমাদের ন’নম্বর ওয়ার্ডের এক মহিলা নেত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি আমাদের শিবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ এবং ওনার অনুগামীরা মিছিল করে আসছেন। সেই সময় আমি সামনে দাঁড়িয়ে পাল্টা জয় বাংলা স্লোগান দিই। উনি সেটা শুনে মানসিকভাবে ভেঙে পড়েন এবং আমার দিকে তেড়ে আসেন। আমার সঙ্গে ধস্তাধস্তি হয়। আমাকে বারবার জয় বাংলা বলা থেকে আটকাতে থাকেন তিনি। ধস্তাধস্তিতে আমার জামা ছিঁড়ে যায়।”
আরও পড়ুনঃ টানা পাওয়ার ব্লক, শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল
জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্ক
শক্তি দেবনাথ দাবি করেন যে রুদ্রনীল ঘোষ নাকি তাঁকে বারবার ‘জয় ভারত’ বলার জন্য জোর করছিলেন। শেষে তিনি বলেন যে ভারতে যখন বাস করি জয় ভারত বলবেন কিন্তু তার জন্য রুদ্রনীলকে জয় বাংলা বলতে হবে। অবশেষে উনি ‘জয় বাংলা’ বলতে বাধ্য হন। তারপর ওখান থেকে চলে যান।’ তৃণমূলের ওই সমর্থক শক্তির দাবি, “জয় বাংলা স্লোগান শুনে ওনার মতো অত বড় সেলিব্রিটি মানুষ রেগে গেলেন। আমি চাই উনি মানসিকভাবে সুস্থ থাকুন, ভাল থাকুন।” অন্যদিকে রুদ্রনীল বলেন, ‘‘এলাকার এক ভাই ‘জয় বাংলা’ বলেছিল। আমি তাঁকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি। আর কিছুই বলার নেই।’’
আরও পড়ুন: আবহাওয়ার ব্যপক মুড বদল, কিছুক্ষণেই ৫ জেলায় তুমুল ঝড়-বৃষ্টির ভ্রূকুটি, সঙ্গে রাখুন ছাতা
রুদ্রনীল ঘোষ বলেন, “আমি জিজ্ঞাসা করলাম, জয় পাকিস্তান বলতে হবে কি? জয় বাংলা কেন বলব না। আমি বললাম, জয় বাংলা বলছেন বলুন। আমি তাঁর হাত তুলে ধরে বলেছি, জোরে বলুন। কিন্তু, জয় ভারতও বলুন। চিৎকার করে জয় বাংলা বলে বরং ভয় বাংলা করছে। কী বলে প্রচার করবে, সেটাই বুঝতে পারছে না তৃণমূল। তাই, পোস্টার ছিঁড়ে দিচ্ছে। দেওয়াল দখল করছে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশনকে ঘিরে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক এক অন্য রূপ নিচ্ছে।












