প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের দিন (West Bengal Election 2026) যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক পারদ বাড়ছে। দিন রাত চারিদিকে প্রচার চলছে। একদিকে চতুর্থবার সরকার গঠনের লড়াইয়ে যেমন মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস (TMC) ঠিক তেমনই মুখ্যমন্ত্রীর সিংহাসন থেকে মমতাকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। এমতাবস্থায় পবিত্র করকে (Pabitra Kar) ‘মাটি চোর’ খোঁচা দিলেন বিজেপির এক মহিলা কর্মী।
পবিত্র করকে ‘মাটি চোর’ কটাক্ষ বিজেপি কর্মীর
সূত্রের খবর, গতকাল নন্দীগ্রামের সভায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন তিনি নন্দীগ্রামের বয়ালে বিজেপির সভা মঞ্চে দাঁড়িয়ে শাসকদলের প্রার্থী পবিত্র করকে ‘মাটি চোর’ বলে কটাক্ষ করেছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জনগণের উদ্দেশ্যে বলেন, ‘‘সুরক্ষা কে দেবে? মাটি চোর নাকি শুভেন্দু বাবু?” এছাড়াও মহিলাদের জিজ্ঞেস করেন যে, “আরজি করের বদলা আপনারা নেবেন না? নেবেন কথাটা এমন জোরে বলুন যাতে মাটি চোরের কান পর্যন্ত কথাটা শোনা যায়।’’ আর তাই নিয়ে শুরু হল জোর চর্চা।
গো ব্যাক স্লোগান বিজেপি কর্মীর
রিপোর্ট মোতাবেক গতকাল নন্দীগ্রামের পবিত্র করের সমর্থনে যখন বাইক মিছিল শুরু হয়েছিল তখন এক মহিলা বিজেপি কর্মীকে রাস্তায় গেরুয়া শিবিরের পতাকা নিয়ে চিৎকার করতে দেখা যায়। তাঁকে বলতে শোনা যায়, “পবিত্র কর মাটি চোর”। এমনকি তাঁকে গো ব্যাক স্লোগান দিতেও শোনা যায়। পাল্টা তৃণমূল কর্মীরাও জয় বাংলা স্লোগান দিতে থাকে। আর তাই নিয়ে রাজনৈতিক তরজা চরম আকার নেয়। আসলে নন্দীগ্রামের বয়ালে সরকারি জায়গার মাটি বিক্রি করা নিয়ে এক সময় স্থানীয়দের বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। সেই প্রসঙ্গ নিয়েই এদিন কেন্দ্রীয় মন্ত্রী খোঁচা দেন তাঁকে। যদিও সেই সব ব্যাপারে পাত্তা দিতে নারাজ পবিত্র কর।
জয় নিয়ে আশাবাদী পবিত্র কর
আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তৃণমূল প্রার্থী পবিত্র কর জয়ের জন্য আশাবাদী। তিনি জানিয়েছেন, ‘‘সাংবাদিকদের কাছেই তিনি হেভিওয়েট। জনগণ যখন যাঁর পাশে থাকে তখন তাঁর ওয়েট বেড়ে যায়। প্রথমবার ভোটে দাঁড়িয়েছি তবে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। লড়াই করছি শুধু জয়ের ব্যবধান বাড়ানো নিয়ে। নিচুস্তরের গ্রামে গ্রামে মানুষের সঙ্গে আমার পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক। আমার জন্মস্থান, রাস্তাঘাট অলিগলি সবকিছুই চিনি। তাই আমার জয় নিশ্চিত।”
আরও পড়ুন: ভোটার তালিকা থেকে নাম বাদে শীর্ষে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ কত নম্বরে জানুন
প্রসঙ্গত, পবিত্র কর প্রথমদিকে তৃণমূল করলেও ২০২০ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হয়েছিলেন বিজেপির ব্লক সভাপতিও। এমনকি তাঁর স্ত্রী বিজেপির টিকিটে জিতে পঞ্চায়েত প্রধানও হয়েছিলেন। নন্দীগ্রামের যে এলাকায় শুভেন্দু গত বিধানসভা ভোটে সবচেয়ে বেশি লিড পেয়েছিলেন, পবিত্র সেই এলাকারই নেতা ছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই গত ১৭ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন পবিত্র। এখন দেখার শুভেন্দুর বিপক্ষে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তিনি কতটা সফলতা অর্জন করেন।












