ভোটের আগে বাড়ল চাপ, ঋণকাণ্ডে সোহমকে নোটিস হাইকোর্টের

Published:

Soham Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে জেলায় জেলায়। প্রচার কাজে যেন কোনো ত্রুটি না থাকে তাই দিন রাত সাধারণের দরজায় দরজায় গিয়ে প্রচার করছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের নেতা মন্ত্রীরা। এমতাবস্থায় ফের আইনি জটে আটকে পড়লেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন শাহিদ। আর সেই মামলায় এবার হাজিরার নির্দেশ পাঠানো হল অভিনেতাকে।

আদালতে উপস্থিত থাকার নির্দেশ সোহমকে

গতকাল অর্থাৎ মঙ্গলবার মামলাকারী ব্যবসায়ী ও তৃণমূল নেতা শাহিদ ইমাম অভিযোগ জানিয়েছেন যে, ২০২১ সালে একটি ছবির জন্য সোহমকে টাকা দিয়েছিলেন তিনি। এখন তাঁর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা পান। কিন্তু, সেই টাকা ফেরত দিচ্ছেন না অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। শাহিদের আরও অভিযোগ, টাকা চাইলে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। তাই কিছুদিন আগে তিনি চারু মার্কেট থানায় একটি অভিযোগও দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ নোটিস পাঠায় সোহমকে। আর এবার হাইকোর্টে হাজিরার নির্দেশ পাঠানো হল অভিনেতা-তৃণমূল প্রার্থী সোহমকে। আগামী ২ এপ্রিল আদালতে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনীতি নিয়ে বিস্ফোরক শাহিদ

শাহিদকে হুমকি দেওয়ার অভিযোগে অস্বীকার আগেই করেছিলেন সোহম চক্রবর্তী। তিনি বলেছিলেন, কোনও হুমকি দেননি। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। কিন্তু শাহিদ ইমাম জানিয়েছেন, “সোহম নিজের স্বার্থে রাজনীতিতে যোগ দিয়েছেন। আর আমাদের পরিবার প্রথম থেকে কংগ্রেস এবং পরে তৃণমূলের সঙ্গে জড়িত। আমার বাবা তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। আমি নিজে তৃণমূলের সঙ্গে জড়িত। আমরা সোহমকে দেখে দল করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি।” এদিকে নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই আইনি চাপে পড়লেন সোহম।

ভোটের আমেজ নিয়ে প্রশ্নের মুখে সোহম

গতকাল, মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে এবং আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল, বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। ওই দিন সোহম চক্রবর্তী বা তাঁর আইনজীবী আদালতকে কী সাফাই দেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। অন্যদিকে আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সোহম চক্রবর্তী। সেক্ষেত্রে ভোটের আগে এই ধরণের ‘আর্থিক কেলেঙ্কারি’র অভিযোগ তাঁর ইমেজ এবং নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলে কি না, সেটা নিয়ে চিন্তিত দল।

আরও পড়ুন: রাতের অন্ধকারে আসানসোলে মন্দির ভাঙচুর! জিটি রোড অবরোধ অগ্নিমিত্রা পালের

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন ব্যবসায়ী ও তৃণমূল নেতা শাহিদ ইমাম। অভিযোগ ছিল তিনি এইএমলায় ওতোপ্রতো ভাবে জড়িত। পরে ২০২৪ সালে জামিন পান শাহিদ। জেল থেকে মুক্তি পেয়েই সোহমের কাছে টাকা ফেরত চান। এখন দেখার অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া এখন কোন দিকে এগোয়, সেদিকেই নজর সকলের।

google button