প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনে এবার বড় ধামাকা নিয়ে এল দিলীপঘরণী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)! বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই জীবনপঞ্জি জমা দিলেন তিনি। আর তাতেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে একাধিক সমালোচনা। দোলের অন্দরেও শুরু হয়েছে নানা গুঞ্জন। এবার তার পরিপ্রেক্ষিতেই সাংবাদিকদের সামনে প্রকাশ্যে মুখ খুললেন দিলীপ ঘোষ। জানালেন, “ইচ্ছা হয়েছে, তাই আবেদন করেছেন।”
জীবনপঞ্জি জমা রিঙ্কু মজুমদারের
রিপোর্ট মোতাবেক গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে নিজের জীবনপঞ্জি জমা করেছেন দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু মজুমদার। ওই চিঠিতে রিঙ্কু মজুমদার আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে মেদিনীপুর, বীজপুর ও নিউটাউন এই তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। এছাড়াও সেই জীবনপঞ্জিতে সামাজিকভাবে একজন সক্রিয় নেত্রী হিসাবে নিজেকে উল্লেখ করেছেন দিলীপ পত্নী। পাশাপাশি দলের বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের কথা, তিনি এখন কী কী করেন, অতীতে কী করেছেন, সেই বিষয়ও জীবনপঞ্জিতে তুলে ধরেছেন রিঙ্কু মজুমদার।
কী বলছেন দিলীপ ঘোষ?
আজ অর্থাৎ বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকেরা তাঁকে স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রার্থী হওয়ায় বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, “দলে আমার থেকে ও পুরনো। অনেক দিনের কার্যকর্তা। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওঁর ইচ্ছা হয়েছে আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করেছে। এবার কে প্রার্থী হবেন সেটা দল ঠিক করবে।” ইতিমধ্যে রিঙ্কু মজুমদারকে প্রার্থী করার প্রসঙ্গে দলের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা রাজনীতিতে দিলীপের উত্থানের ফলে রিঙ্কু মজুমদারের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশিত হয়েছে। যদিও এই নিয়ে প্রকাশ্যে অন্য কোনো নেতাকে কথা বলতে শোনা যায়নি।
আরও পড়ুন: বাম জমানায় নিয়ম ভেঙে নিয়োগ! পার্থ দে-র বিরুদ্ধে তদন্তে সবুজ সংকেত হাইকোর্টের
প্রসঙ্গত, সামনেই যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই দেরি না করে এখন থেকেই ভোট প্রচারের নেমেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাসকবিরোধী প্রচার অব্যাহত রেখেছে বিজেপি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা থেকে অনুপ্রবেশকারী একাধিক ইস্যু নিয়ে তথ্যচিত্র আকারের ভিডিও প্রকাশ করছে তারা। এছাড়াও জনসংযোগ বৃদ্ধি করতে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরতে ‘আধারের কথকথা’ নামে একটি বই প্রকাশ করল বিজেপির। যা বাংলা এবং ইংরেজি দুই ভাষায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।












