ভোটের মুখে ‘তৃণমূল বিজেপি’ নামে নয়া দল গড়ছেন হেভিওয়েট নেতা

Published:

Assam Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় গত সোমবার উত্তর-পূর্বাঞ্চলের অসম এবং দক্ষিণ ভারতের কেরল ও পুদুচেরিতে বিধানসভা ভোটের মনোনয়ন পেশের সময়সীমা শেষ হল। আগামী ৯ এপ্রিল ওই তিন বিধানসভার ভোটগ্রহণ হবে। আর এসবের মাঝেই অসম বিধানসভা নির্বাচনে (Assam Election 2026) নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে চলেছেন জয়ন্ত দাস (Jayanta Das)। পৃথক দল হিসেবে নাম রাখতে চলেছেন ‘তৃণমূল বিজেপি’।

নির্দল প্রার্থী হিসেবে লড়বেন জয়ন্ত

বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে ৮০০-রও বেশি প্রার্থী অসম বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গত সোমবার ৷ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, ১২৬ সদস্যবিশিষ্ট বিধানসভার জন্য মোট ৮১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্রে প্রার্থীরা একাধিক মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার ফলে সব মিলিয়ে মোট ১৩৯১ টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে ওই দিনই নির্দল প্রার্থী হিসেবে দিসপুর থেকে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন বিজেপি নেতা জয়ন্ত দাস। তাঁর অভিযোগ কংগ্রেস এবং বিজেপি নাকি ক্রমেই তাঁকে হুমকি এবং মানসিক ভাবে হেনস্থা করে চলেছে।

দলের নাম রাখবেন ‘তৃণমূল বিজেপি’!

আসন্ন বিধানসভা নির্বাচনে অসমের দিসপুর থেকে টিকিট না পেয়েই দীর্ঘ ৩৫ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জয়ন্ত দাস। বদলে কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দেওয়া প্রদ্যুৎ বরদলৈকে বিজেপি দিসপুরের প্রার্থী করেছে। কিন্তু বিজেপি ছাড়লেও, তাঁর মন থেকে বিজেপি-কে আলাদা করা যাবে না তাই তিনি নিজে যে নতুন দল গঠন করতে চলেছেন, তার নাম ‘তৃণমূল বিজেপি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপাতত নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াতে চলেছেন তিনি। এর আগে, ২০১৩ সালে কিছু সময়ের জন্য অসম গণ পরিষদে যোগ দিয়েছিলেন জয়ন্ত কিন্তু পরের বছর ২০১৪ সালে গেরুয়া শিবিরেই ফিরে এসেছিলেন। আর এবার টিকিট না পাওয়ার অভিমানে দল ছাড়লেন তিনি।

আরও পড়ুন: “আমার সব কেড়ে নিয়েছে বিজেপি, কমিশন! ”ময়নাগুড়ি থেকে বিস্ফোরক মমতা

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সাবধানতাও অবলম্বন করেন জয়ন্ত দাস। তিনি বলেন, “খুব সাবধানে এসেছি আমি। কারণ আমার প্রাণ সংশয় রয়েছে, রাস্তায় কিছু ঘটে যেতেই পারে। যদিও আমার সৌভাগ্য যে দিসপুরে দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে লড়াই করতে পারছি। জীবনে কোনও অন্যায় করিনি আমি।” এখন দেখার জয়ন্ত দাস যে পরিকল্পনা নিয়েছে দল গঠন নিয়ে তা পরিপূর্ণ হয় কিনা।

google button