প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) দিন ঘোষণা হতেই রাজ্য জুড়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। একে একে বিজেপি, তৃণমূল এবং সিপিআইএম প্রার্থীদের তালিকা প্রকাশ করছে। আর এবার পালা ISF দের। কয়েকদিনের জল্পনা শেষে অবশেষে আজ অর্থাৎ শুক্রবার ISF চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui) জানিয়ে দিলেন, কতগুলি আসনে প্রার্থী দিলেন তারা। অন্যদিকে নন্দীগ্রাম সহ আরও তিন আসনে বামেদেরকে প্রার্থী প্রত্যাহারের অনুরোধ জানাল ISF।
২৯টি আসন নিয়ে সমঝোতা ISF দের
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শুক্রবার ISF চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাংবাদিক বৈঠকে জানান যে, “বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। একাধিকবার চিঠির আদানপ্রদান, আলিমুদ্দিনে আলোচনার পর অবশেষে আসন্ন নির্বাচনে বামেদের সঙ্গে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২৯টি আসন নিয়ে সমঝোতা হয়েছে। আজ সেই আসনগুলির ঘোষণা করা হচ্ছে।” পেশ করা তালিকা অনুযায়ী ISF মোথাবাড়ি, সুজাপুর, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, নাকাশিপাড়া, অশোকনগর, আমডাঙা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বাদুড়িয়া, বসিরহাট উত্তর, বাসন্তী, কুলপি এলাকায় নামতে চলেছে।
প্রতীক চিহ্ন হিসেবে রাখা হয়েছে ‘খাম’
এছাড়াও ISF এর প্রকাশিত তালিকায় রয়েছে মন্দিরবাজার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, ভাঙড়, উলুবেড়িয়া পূর্ব, জগৎবল্লভপুর, হরিপাল, খানাকুল, মহিষাদল এবং বীরভূম জেলার বোলপুর সহ মোট ২৯টি কেন্দ্র। বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ISF । তাঁদের প্রতীক চিহ্ন হয়েছে ‘খাম’। নওশাদ সিদ্দিকী আরও বলেন, “আরও কয়েকটি আসনে বামফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা চলছিল। পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা এবং মুরারই। কিন্তু ইতিমধ্যে বামেরা সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু, এই চারটি বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই এই চারটে আসনে যাতে বামেরা প্রার্থী না দেয়, সেই আবেদন করছি।”
আরও পড়ুন: বেতন-স্থায়ীকরণের দাবিতে বাড়ছে ক্ষোভ, ভোটে তৃণমূলকে হারানোর ডাক পার্শ্ব শিক্ষকদের
বৈঠকে সাংবাদিকরা আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশের দিনক্ষণ জানতে চাওয়ায় নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, “আগামিকাল ঈদ উদযাপন। স্বাভাবিকভাবে মানুষ উৎসবের মেজাজে রয়েছেন। তাই ঈদের পর পরই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব।” ইতিমধ্যেই বিজেপির তরফে নন্দীগ্রামে ভোটের ময়দানে নামতে চলেছে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এবং শাসকদলের তরফে সেই কেন্দ্রে লড়াই করবেন পবিত্র কর। এমতাবস্থায় CPIM আসনটি সিপিআইকে ছেড়েছে এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তি গিরি। এখন দেখার ISF-এর অনুরোধ CPIM রাখেন কিনা।












