বিশ্বকাপে প্রতিবার ভারত-পাক একই গ্রুপে কেন? BCCI-কে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ

Published:

ICC T20 World Cup
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল, রবিবার ছিল ICC T20 বিশ্বকাপের (ICC T20 World Cup) ভারত বনাম পাকিস্তানের খেলা। তাই স্বাভাবিকভাবেই এই খেলা দেখতে সকলেই বেশ উত্তেজিত ছিল।কারণ দুই দেশের কূটনৈতিক দ্বন্দ্ব এখন ক্রিকেট মাঠেও বড় ইস্যু হয়ে উঠেছে ৷ যদিও এবারেও রবিবারের মহারণে পাকিস্তানের ঘাড় মটকে দিয়েছে টিম ইন্ডিয়া। খুশিতে বেশ ডগমগ ছিল সকল ভারতবাসী। কিন্তু এবার এই ম্যাচ নিয়েই বিসিসিআইকে প্রশ্নের মুখে দাঁড় করালেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

ভারত এবং পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের

সংবাদ প্রতিদিনের রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ রবিবার, ICC T20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে প্রাক্তন ক্রিকেটার তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদকে প্রশ্ন করা হয়েছিল, আচমকাই তিনি সরাসরি ICC এবং BCCI-এর বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুললেন। শুধু তাই নয় প্রতিবার ভারত এবং পাকিস্তান এক গ্রুপে থাকা নিয়েও অভিযোগ তুললেন। তিনি বলেন, “প্রত্যেক বিশ্বকাপে বিভিন্ন দেশের ক্রিকেট দলের গ্রুপ পরিবর্তন হয়। কখনও দেখা যায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে, আবার কখনও দেখা যায় ওই গ্রুপে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ওই গ্রুপটা বদলায়। কিন্তু ভারতের গ্রুপে ভারত এবং পাকিস্তান কীভাবে বারবার একই গ্রুপে থেকে যায়? এটা ম্যাচ ফিক্সিং নয়তো কি!”

কী বলছেন তৃণমূলের সাংসদ?

বিগত T20 বিশ্বকাপের পরিসংখ্যানের কথা উল্লেখ করে সাংসদ কীর্তি আজাদ বলেন, ” লটারিতে গ্রুপের দল বাছাই হয়। সেখানে সবসময় ভারত আর পাকিস্তানের একই গ্রুপ আসে নাকি এই দু’টো দলের নাম আলাদা করে তুলে রাখা হয়, যে এই দু’জন তো একসঙ্গে খেলবেই.. এই ইস্যুতে ICC ও BCCI এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে ৷ ভারত এবং পাকিস্তান প্রতি বিশ্বকাপে কীভাবে একই গ্রুপে চলে আসে ৷” যদিও তিনি এই ম্যাচে ভারতীয় দলের জয় নিয়ে বেশ আশাবাদী ছিলেন। এছাড়াও এদিন ক্রিকেট প্রশাসনে রাজনীতি এবং স্বজনপোষণের অভিযোগেও সরব হয়েছিলেন কীর্তি আজাদ। এবং টার্গেট করেছিলেন বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহকে।

আরও পড়ুন: রেলে চাকরি পেয়েছে ছেলে, বিডিও অফিসে গিয়ে বাংলার আবাসের টাকা ফেরত দিলেন বাবা

প্রসঙ্গত, গত কয়েকটি আইসিসি ইভেন্টে লাগাতার একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তানে। 2014 সাল থেকে 2026 পর্যন্ত প্রতিটি ICC T20 বিশ্বকাপের মূল পর্বে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে খেলেছে ৷ অর্থাৎ 2014, 2016, 2021, 2022 এবং 2024 সালের টি20 বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে খেলেছে ৷ যা 2026 সালেও অন্যথা হয়নি ৷ তাই স্বাভাবিকভাবে ব্যবসায়ীক দিকটিকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now