প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) রণদামামা বাজার সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বইছে উত্তাল হাওয়া। দিকে দিকে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা ভোটের প্রচার চালিয়ে চলেছে। জনসংযোগ বৃদ্ধিতে রাখতে চাইছে না কোনো ত্রুটি। এই অবস্থায় আজ সাগরদিঘী থেকে নির্বাচনী জনসভা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানেই মালদহের মোথাবাড়িকাণ্ডে অমিত শাহের (Amit Shah) চক্রান্তের অভিযোগ তুললেন তিনি।
মোথাবাড়িকাণ্ডে বাড়ল রাজনৈতিক পারদ
রিপোর্ট মোতাবেক, গতকাল, SIR তালিকায় নাম ডিলিটের প্রতিবাদে, কালিয়াচক ২ ব্লক অফিস সকাল থেকেই ঘেরাও করে রাখা হয়েছিল এবং আটক করা হয়েছিল ৩ জন মহিলা বিচারক সহ ৭ জুডিশিয়াল অফিসারদের। শুধু তাই নয় ১২ নম্বর জাতীয় সড়কও অবরোধ করে বিক্ষোভের সুর চড়িয়ে ছিল এলাকাবাসী। যা নিয়ে রাজনৈতিক তরজা চরম আকার নেয়। একে অপরকে দোষারোপ করে চলেছিল তৃণমূল এবং বিজেপি। এদিকে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। হাইকোর্টের কাছেও গোটা ঘটনা জানানো হবে বলেও জানানো হয়। আর এই অবস্থায় এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গেমপ্ল্যান বলে সুর চড়ান তিনি।
বিজেপির গেম প্ল্যান বলে কটাক্ষ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার, সাগরদিঘী জনসভা থেকে জানান, ‘মানুষের ক্ষোভ থাকতেই পারে। বিজেপি টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করাল, জাজদের ঘেরাও করাল। আসলে বিজেপি চায় এখানকার নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে। আমার প্রতি বিশ্বাস থাকলে কারও কথায় ফাঁদে পা দেবেন না। এটা বিজেপির গেম প্ল্যান।”। তিনি আরও বলেন, “ আইনশৃঙ্খলা আমার হাত থেকে কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। আর ওরা অমিত শাহের কথায় চলে। আমার কথা চলে না। এখানে নির্বাচন কমিশন সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে।”
প্রশাসনের কর্মসূচি নিয়ে ক্ষোভ মমতার
মালদহের ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মালদায় যে ঘটনা ঘটেছে তা কেউ আমায় জানায়নি। নতুন মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। কিন্তু সেই মুখ্যসচিব এখনও আমাকে কল অন করেনি। রাতে একজন সাংবাদিকের কাছ থেকে আমি খবর পেলাম। আমার ভবানীপুরেও সংখ্যালঘুদের নাম বাদ গিয়েছে। এখানেও ঢালাও বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুর নাম। তবে লড়াইটা শান্তিপূর্ণ করতে হবে। যদি আমার উপর বিশ্বাস থাকে, তা হলে দয়া করে উত্তেজনায় পা দেবেন না। রক্ষা করুন বাংলাকে। মুর্শিদাবাদকে রক্ষা করুন। নিজেদের অধিকার রক্ষা করুন। আমি তো বলেছি আপনাদের, কাউকে আমি বার করতে দেব না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না।”
আরও পড়ুন: ৪০টি পণ্যের উপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কেন্দ্রের
উল্লেখ্য, আজই ভবানীপুরের হাজরায় শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপুল উৎসাহের সঙ্গে সকলের কাছে আর্জি জানিয়েছেন বিজেপিকে ভোট দেওয়ার। আর এদিকে সাগরদিঘির সভা থেকে সোজাসুজি শাহকে টার্গেট করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি জানিয়ে দিলেন, “মোথাবাড়িতে টোটালটাই অমিত শাহ করিয়েছে। পুরোটা অমিত শাহের চক্রান্ত।” এমনকি এদিন তিনি অমিত শাহের ইস্তফার দাবি তোলেন।












