‘বিজেপি কেন্দ্রে আসার পরই হিন্দুদের বিপদ বেড়েছে’ বিস্ফোরক সায়নী ঘোষ

Published:

Saayoni Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র ১ সপ্তাহ, তার পরেই রাজ্য জুড়ে দুই দফায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে চলেছে। এদিকে ভোট প্রচার নিয়েও বেশ চাঞ্চল্যকর মুহূর্ত তৈরি হয়েছে। একদিকে যেমন বিজেপির (Bharatiya Janata Party) প্রচারকার্যে সমর্থন জানাতে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বও আসছেন বঙ্গে। ঠিক তেমনই মমতা অভিষেকও প্রচার কাজে মনোনিবেশ করেছে। এমতাবস্থায় বিজেপির বিরুদ্ধে হিন্দু বিরোধী তকমা দিল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

বিজেপিকে তীব্র আক্রমণ সায়নী ঘোষের

প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে শাসকদলের একাংশ মুসলিম বিরোধী তকমা আগেই লাগিয়ে দিয়েছিল, তবে এবার ভোটের মুখে আরও এক তকমা জুড়লো বিজেপির গায়ে। আর সেটি হল হিন্দু বিরোধী তকমা৷ রিপোর্ট মোতাবেক, গত শনিবার শিল্পাঞ্চল জুড়ে প্রচারে ঝড় তুলেছিলেন যাদবপুরে তৃণমূল সাংসদ সদস্য সায়নী ঘোষ। এদিন জামুড়িয়া, পাণ্ডবেশ্বর ও কুলটি তিনটি বিধানসভায় চারটি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী। সেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। সায়নীর দাবি, কেন্দ্রীয় সরকারে বিজেপি আসার পর থেকেই হিন্দুদের বিপদ বেড়েছে।

হুমায়ুনের ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তুললেন সায়নী

জামুড়িয়া বিধানসভার চিচুড়িয়ার জনসভা করতে গিয়ে সংসদ সায়নী ঘোষ বলেন, “বাংলার ৯২ লক্ষ মানুষের নাম ওরা বাদ দিয়েছে। আপনাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এমনকি বাংলায় সিংহভাগ হিন্দু ভোটারের নাম বাদ দিয়েছে। বিজেপি শুধুমাত্র মানুষকে হয়রানি করিয়েছে। নোটবন্দি থেকে এসআইআর সবেতেই মানুষকে লাইনে দাঁড় করিয়েছে।” এদিন তিনি হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিও প্রসঙ্গ তুলে ধরেন। সায়নী বলেন, “সিপিএম-কংগ্রেস সহ অন্য দল সবই বিজেপির ‘বি’ টিম। সব দল একদিকে আর আপনাদের দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একদিকে। তাইতো ৭১ বছর বয়সেও আপনাদের অধিকারের জন্য লড়াই করছেন।”

আরও পড়ুন: গ্যাস ছাড়াই রান্না! প্লাজমা স্টোভ নাকি ইন্ডাকশন, কোনটি বেস্ট জানুন

আসন্ন নির্বাচনে তৃণমূলের বিপুল আসনে জয়ের নিশ্চিত করেছেন সায়নী ঘোষ। তাঁর বিশ্বাস, “বাংলায় ফের মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ই বসবেন, এটা নিশ্চিত হয়ে গিয়েছে। এখানে বলে যাচ্ছি, উনি এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুরু হবে দিল্লি দখলের লড়াই। মা, বোনরা পাশে থাকলে দিদি প্রধানমন্ত্রী হবেন।” অন্যদিকে বিজেপি হিন্দুদেরও যে অপছন্দ করে এই একই দাবি তুলেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। তাঁর দাবি, SIR প্রক্রিয়ায় যে ৯০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে ৫৮ লাখই হিন্দু ভোটার৷ এতেই প্রমাণিত হচ্ছে, বিজেপি শুধু মুসলিম বিরোধীই নয়, এরা হিন্দুদেরও অপছন্দ করে৷