ভোটের আগে ব্রিগেডে আসছেন মোদী, হবে রথযাত্রাও! কবে প্রধানমন্ত্রীর সভা? 

Published:

Narendra Modi
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: এপ্রিলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগে অর্থাৎ মার্চেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা যাচ্ছে, এবার ব্রিগেডে হবে বঙ্গ বিজেপির সভা। আসন্ন নির্বাচনকে সামনে রেখেই হয়তো বক্তৃতা রাখবেন মোদী, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কিন্তু এখনও সভার দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে খবর। তবে জানা যাচ্ছে, ব্রিগেডের সভার আগে দক্ষিণবঙ্গে দলের একাধিক জায়গা থেকে রথযাত্রার শুভারম্ভ করবে বঙ্গ বিজেপি। আর সেই রথগুলোই আসবে ব্রিগেডের সমাবেশে, যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী।

বাংলায় প্রধানমন্ত্রী সভা

প্রসঙ্গত, বাংলায় ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন চলছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষার এই মরসুম শেষ হলেই হয়তো আয়োজন করা হবে বিজেপির সভা। ব্রিগেডেই এবার ঘটা করে সমাবেশের আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে নিয়ে আসা হবে ব্রিগেডের সভায়। পাশাপাশি শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মোদীর সফর রয়েছে বলে খবর। কানাঘুষো শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রার্থী বাছাই করে নির্বাচন কমিশনের কাছে তালিকা জমা দেবে বাংলার গেরুয়া শিবির। এমনকি প্রতিটি জেলা থেকে তিনটি করে নাম নেওয়া হবে। আর সেক্ষেত্রে মোট ২৯৪টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা দেবে বিজেপি।

জানা গিয়েছে, প্রতি বিধানসভা পিছু এবার এই তিনজনের নাম দিল্লিতে পাঠানো হবে। এছাড়াও কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বিভিন্ন এজেন্সি কিছু সমীক্ষা করেও নির্বাচন কমিশনের কাছে নাম পাঠাবে। অথবা জেলা পার্টি অফিসের তরফ থেকে নিয়ে আসা নামগুলিকে মিলিয়ে দেখা হতে পারে বলেও খবর। সূত্রের খবর, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রার্থীদের তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: শুরু হল যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া, লম্বা লাইন স্বনির্ভর বাংলা ক্যাম্পগুলিতে

এদিকে নির্বাচনের আগে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতা সল্টলেকের গেরুয়া শিবিরের দফতরে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভুবেন্দ্র যাদব, সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। এছাড়াও শমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। তবে ভোটের আগে রথযাত্রা আর ব্রিগেডে বিজেপির সমাবেশ নিয়ে যে রাজ্যে রাজনীতিতে তোলপাড় লাগবে তা বলার অপেক্ষা রাখে না। আর বিশেষ করে মোদীর সভা নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত বিজেপির।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now