‘পরিবর্তন যাত্রা’র মঞ্চে বড় চমক! সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে সন্তু পান

Published:

Santu Pan Joins BJP
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে একের পর এক চমক দেখছে রাজ্যবাসী। কোথাও নির্বাচনের প্রাক্কালে বিজেপির মন্ত্রী সবুজ পতাকা ধরছে তো কোথাও আবার তৃণমূল ছেড়ে অনেক মন্ত্রী বিজেপিতে যোগ দিচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। এমতাবস্থায় ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। আজও দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে আয়োজিত হয়েছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচি। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতা। আর এই কর্মসূচির মাঝেই সাংবাদিকতা ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন সন্তু পান (Santu Pan Joins BJP)।

বিজেপিতে যোগ সন্তু পানের

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার, মথুরাপুরের বাপুলিবাজার সংলগ্ন ভগবতীপুর মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় যখন অমিত শাহ সহ একাধিক নেতা একের পর বক্তব্য পেশ করছিলেন আর সেই সময় এক বড় চমক দেখা গেল অনুষ্ঠানের মঞ্চে। রিপাবলিক বাংলার জনপ্রিয় সাংবাদিক সন্তু পান এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে যোগ দিলেন বিজেপি শিবিরে। তুলে নিলেন ভারতীয় জনতা পার্টির পতাকা। ইতিমধ্যে সেই ছবি বেশ ভাইরাল। যদিও সাংবাদিক সন্তু পান এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ্যে এনেছেন। তিনি লিখেছেন, “প্রত্যেকটা জার্নি শেষ হয় নতুন উদ্যমে নতুন জার্নির প্রস্তুতি হিসেবে৷ রিপাবলিক বাংলা ছাড়লাম। এবার মথুরার ছেলেটি পথ নির্দেশ দেবেন। নতুন কর্মের দিশা দেবেন।”

শক্তিপ্রদর্শন করে চলেছে বিজেপি

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে ইডি যখন সন্দেশখালিতে পা রেখেছিল, সেদিনই রিপোর্টিং করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সন্তু পান। খবরের শিরোনামে উঠে এসেছিল সেই তথ্য। পরে তাঁকেই গ্রেফতার করেছিল পুলিশ। আর সেই নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল সাংবাদিকদের তরফে। এমনকি রাজ্য প্রশাসনের সাংবাদিকের গ্রেফতারিরও প্রতিবাদ জানিয়েছেন সন্দেশখালির বাসিন্দারা। আর এবার সেই সাংবাদিকই যোগ দিলেন বিজেপিতে। কিছুদিন আগেই জলপাইগুড়ি উত্তরবঙ্গের অ্যাথলিট কন্যা স্বপ্না বর্মন যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, এছাড়াও কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চর্চা।

আরও পড়ুন: ‘ভাইপো শাসন চলবে না’— মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা অমিতের

প্রসঙ্গত, সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তাই তার আগে নেতাকর্মীদের চাঙ্গা করতে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপিতে। যেখানে একাধিক কেন্দ্রের নেতা-মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সেই সভাতে যোগ দিতেই এদিন মথুরাপুর আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে শিক্ষক দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানাচ্ছেন তিনি। এখন দেখার বিধানসভা নির্বাচনের ময়দানে কোন দল এগিয়ে থাকে।