প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে নারী সুরক্ষা নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়তে হয় প্রশাসনকে। সমাজে মেয়েরা ঠিক কতটা নিরাপদ তাই নিয়ে উত্তর দিতে গেলেই ঢোক গিলতে হয় নেতা মন্ত্রীদের। এমতাবস্থায় নারী সুরক্ষা নিয়ে বিড়ম্বনার মুখে পড়ল শাসকদল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে দলীয় মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। ভাইরাল হয় এক চাঞ্চল্যকর এক অডিয়ো। সোশ্যাল মিডিয়ায় সেই অডিয়ো ক্লিপ পোস্ট করে শুভেন্দু অধিকারী আক্রমণ করতেই যৌন হেনস্থার অভিযোগে বাধ্য হয়ে ইস্তফা দেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি।
মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে হেনস্থা!
রিপোর্ট মোতাবেক, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজের বিরুদ্ধে। প্রকাশ্যে এসেছে মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের অডিয়ো, সেটি আবার শেয়ার করেছেন খোদ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। আর এই ঘটনাকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে কাঁথিতে। যদিও সেই ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি India Hood। সেই অডিয়োতে মহিলাকে বলতে শোনা যায়, পঞ্চায়েত সমিতির অফিসে নাকি ফোন করে আসতে বলেছিল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ। একটি রুমে নিয়ে গিয়ে সেই তৃণমূল নেতা মহিলাকে বলেছিলেন, “তুমি সব পারবে” তারপরেই নাকি গালে চুমু খান।
তৃণমূল নেতাদের হাতে তৃণমূল মহিলা নেত্রী, পদাধিকারিদেরই সুরক্ষা ও নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে !!!
এই ভাইরাল কথোপকথনের অডিও ক্লিপে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের জনৈক মহিলা প্রধান কে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার যে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে শোনা যাচ্ছে, তাও আবার সরকারি কার্যালয়ের… pic.twitter.com/OfrOy3NZSA
— Suvendu Adhikari (@SuvenduWB) February 14, 2026
ভাইরাল অডিয়ো ঘিরে চর্চা
ভাইরাল অডিয়োতে ওই মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, “আমি বলি, বিকাশদা রুমে এসে এটা কী হচ্ছে? বলার পর কিছু বলেনি। বলেন, তুমি যাও। আমি তোমাকে ফোন করব। একজন প্রধানের সঙ্গে যদি উনি এমন ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করেন?” এছাড়াও ওই মহিলাকে বলতে শোনা যায়, তিনি এর শেষ দেখে ছাড়বেন। প্রয়োজনে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। এদিকে কাঁথির এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ হয়নি। এমনকি এই বিষয়টি নিয়ে মহিলা প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ভোটের মুখে শাসকদলের নেতার এইরূপ অস্বস্তিকর ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতোর বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও দলীয় পদ থেকে ইস্তফা দেন বিকাশচন্দ্র বেজকে।
আরও পড়ুন: তারেক রহমানের জয়ে শুভেচ্ছা বার্তা মমতার, পাঠানো হল ফুল ও মিষ্টি
অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজ এই ভাইরাল অডিয়োকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন। তিনি দাবি, “আমি বিকাশচন্দ্র বেজ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে, তাতে নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম।” অন্যদিকে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “এই না হলে তৃণমূলের নেতা। টাকা তুলবেন, পকেট ভরাবেন, নারীর সম্মান-সম্ভ্রম নষ্ট করবেন, মহিলাদের অসম্মান করবেন। এই হচ্ছে তৃণমূলের নেতাদের আসল গুণ আর আসল চরিত্র।”











