রাজীব কুমার থেকে কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়! আর কাকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল?

Published:

Trinamool Congress
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই নতুন প্রার্থীদের নাম ঘোষণা করল শাসক দল (Trinamool Congress)। প্রকাশিত তালিকায় এবার দেওয়া হল একাধিক চমক। রাজনৈতিক মহলের নজর কেড়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তা, এমনকি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের অন্তর্ভুক্তি। হ্যাঁ, দলের তরফ থেকে রাজ্যসভার মনোনয়নে এবার যুক্ত হয়েছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিক।

শাসক দলে ভোটের আগেই চমক

তৃণমূল প্রার্থীদের তালিকায় এবার বিরাট রদবদল। রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি প্রশাসন, আইন এবং সংস্কৃতি জগতের প্রতিনিধি নিশ্চিত করার জন্যই এবার দল তৈরি করল তৃণমূল। বাবুল সুপ্রিয় যিনি আগেই কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন। অন্যদিকে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে মনোনয়ন দিয়ে প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি আইন ক্ষেত্রে পরিচিত মুখ মেনকা গুরুস্বামীর অন্তর্ভুক্তি সংসদে আইন বিষয়ে ইতিবাচক অবস্থান দিতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। আর অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণার মাধ্যমে সাংস্কৃতিক ক্ষেত্রেও প্রতিনিধি নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন: পুনর্বসু নক্ষত্রে দুর্দশা কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ২৮ ফেব্রুয়ারি

এদিকে প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই প্রতিনিধিরা সংসদে দলের সহনশীলতা আর প্রতিরোধের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন। নাগরিকদের অধিকার আর মর্যাদা রক্ষার ক্ষেত্রে দল যে অবস্থান নিয়েছে তা আরও জোরালো ভাবে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য হবে। তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা। একদিকে অভিজ্ঞ এবং পরিচিত মুখ, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধি। তাহলে কি এবার নির্বাচনে বিরাট কিছু করতে চলেছে শাসক দল? সেদিকেই নজর থাকবে সকলের।