২০২৬-এ শিবরাত্রি কত তারিখে পড়ছে? রইল দিনক্ষণ, সময়সূচি ও পালনের নিয়ম

Published:

Maha Shivratri 2026
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সালে শিবরাত্রি কত তারিখে (Maha Shivratri 2026)? বসন্ত পঞ্চমীর পর প্রস্তুতি শুরু হয় মহা শিবরাত্রির। হিন্দু ধর্মে এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই উৎসব, যেটিকে ভোলানাথের মহারাত্রিও বলা হয়ে থাকে। তবে পঞ্জিকা কী বলছে? কবে পড়ছে শিবরাত্রি ২০২৬? তিথি নক্ষত্র কী রয়েছে? পুজোর নিয়ম কী রয়েছে? বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদনটি।

কত তারিখে পড়ছে মহা শিবরাত্রি ২০২৬?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে মহা শিবরাত্রি পড়ছে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার। বাংলা তারিখ হিসেবে তা পড়বে ২ ফাল্গুন ১৪৩২ সন।

সময়সূচি কী রয়েছে?

পঞ্জিকা বলছে, চতুর্দশী তিথি শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬:৩৪ মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে ১৬ ফেব্রুয়ারি সকাল ৭:০৪ মিনিটে। এই কারণে শিবরাত্রি তিথির পূজা এবং চার প্রহরের আরাধনা ১৫ তারিখ রাত থেকে ১৬ তারিখ ভোর পর্যন্ত করা যাবে।

চার প্রহরের পূজা এবং নিশিথকালের শুভ সময়

মহা শিবরাত্রিতে রাতভর শিব পূজার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে চার প্রহরে ভাগ করে ভোলানাথের আরাধনা করা হয়। সেই অনুযায়ী জানা যাচ্ছে—

  • প্রথম প্রহর পড়বে বিকেল ৫:৪৮ থেকে রাত ৯:০৬ মিনিট পর্যন্ত।
  • দ্বিতীয় প্রহর পড়বে রাত ৯:০৬ মিনিট থেকে রাত ১২:২৪ মিনিট পর্যন্ত।
  • তৃতীয় প্রহর পড়বে রাত ১২:২৪ মিনিট থেকে ভোর ৩:৪২ মিনিট পর্যন্ত।
  • চতুর্থ প্রহর করবে ভোর ৩:৪২ মিনিট থেকে ৭:০৭ মিনিত পর্যন্ত।

এদিকে নিশিথ কালের পূজার সময়সূচি রয়েছে রাত ১১:৫৭ মিনিট থেকে রাত ১২:৫০ মিনিট পর্যন্ত। অর্থাৎ স্থিতিকাল থাকছে মোটামুটি ৫৩ মিনিট পর্যন্ত। তবে উপবাস ভঙ্গ অর্থাৎ পারনের সময় রয়েছে ১৬ ফেব্রুয়ারি সকাল ৭:০০ থেকে ৭:০৪ মিনিটের মধ্যে।

মহা শিবরাত্রি ২০২৬ একঝলকে

উৎসবের নাম

মহা শিবরাত্রি ২০২৬

ইংরাজি তারিখ

১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলা তারিখ

২ ফাল্গুন, ১৪৩২
চতুর্দশী তিথি শুরু

১৫ ফেব্রুয়ারি সকাল ৬:৩৪

চতুর্দশী তিথি শেষ

১৬ ফেব্রুয়ারি সকাল ৭:০৪

বিশেষ মাহাত্ম্য

রাতভর মহাদেবের আরাধনা

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসে দেখা যাবে বলয়াকার সূর্যগ্রহণ! জানুন দিনক্ষণ, সময়সূচি ও স্থান

মহা শিবরাত্রির উপবাস আর পূজার বিধি

মহা শিবরাত্রির দিন উপবাস আর নিষ্ঠার সঙ্গে শিব পূজা করলে মনস্কামনা পূর্ণ হয়, এমনটাই বিশ্বাস করে সকলে। ভক্তরা এদিন ভোরবেলা স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ, জল, মধু এবং বেলপাতা অর্পণ করে। তবে তার পাশাপাশি রাত জেগে শিবের স্মরণের পূজা করতে হয়। মহাশিবরাত্রির পূজা মূলত নিম্নলিখিত নিয়মে অনুষ্ঠিত হয়।

উপবাস এবং সংকল্প: শিবরাত্রি দিন সকাল বেলা স্নান করে শুদ্ধ পোশাকে শিব মন্ত্র জপ করতে হয়। আর সংকল্প নিয়েই উপবাস শুরু করতে হয়। অনেকে এদিন নির্জলা উপবাস করেন।

চার প্রহরের পূজা: শিবরাত্রির চার প্রহরে বিশেষভাবে পূজা করতে হয়। প্রথম প্রহরে জল দিয়ে অভিষেক করতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবকে অভিষিক্ত করতে হয়।

পূজার উপকরণ: শিব লিঙ্গে মূলত কাঁচা দুধ, গঙ্গাজল, বেলপাতা, ধুতরা ফুল, অপরাজিতা ফুল, চন্দন দেওয়া আবশ্যক।

মন্ত্র জপ: এদিন সারারাত জেগে শিবলিঙ্গের পূজা করতে হয়। ধ্যান এবং “ওম নমঃ শিবায়” ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সমস্ত পাপ খন্ডায় বলে বিশ্বাস করা হয়।

পারন: পরের দিন সূর্যোদয়ের পর অর্থাৎ চতুর্দশী শেষ হওয়ার আগেই উপবাস ভঙ্গ করতে হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now