শিবরাত্রির দিন এই নিয়ম মেনে করুন পূজা, মহাদেবের কৃপায় দূর হবে বিয়ের দোষ

Published:

Maha Shivaratri
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কথায় বলে “শিবের মতো বর চাইলে শিবরাত্রি করো!” হ্যাঁ, বিয়েতে অনেক সময় অনেকের বিভিন্ন বাধা আসে। সেই সমস্ত বাধা কাটানোর জন্য শিবরাত্রিই (Maha Shivaratri) একমাত্র মোক্ষম ওষুধ হিসাবে কাজ করে। হ্যাঁ, মহাশিবরাত্রির এই বিশেষ দিনটিতে বাবা মহাদেবকে যদি ভক্তিভরে এবং কিছু নিয়ম মেনে তুষ্ট করা যায়, তাহলে বিয়ের সমস্ত দোষ কাটে এবং বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরে আসে। বিশেষ করে যাদের বিয়েতে নানারকম প্রতিকূলতা আসে, তাদের ক্ষেত্রে এই শিবরাত্রি বিশেষভাবে কাজ করে।

প্রথমেই জানিয়ে রাখি, বাবা মহাদেব শান্ত আর ভক্তবৎসল একজন দেবতা। তাই ভক্তদের মনের ইচ্ছা তিনি খুব তাড়াতাড়ি শুনে নেন এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন বলেই বিশ্বাস করা হয়। কথিত রয়েছে, এই দিন নাকি অবিবাহিত মেয়েরা যদি বিশেষ নিয়ম মেনে ভোলানাথের আরাধনা করে, তাহলে তাঁর শিবের মতো জীবনসঙ্গী মেলে এবং পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ-শান্তি ফিরে আসে।

শিবরাত্রির দিন এভাবে করুন পূজা

প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়। এদিন খুব ভোরবেলা উঠে অর্থাৎ ব্রহ্মমুহূর্তেই স্নান সেরে নিতে হয়। তারপর নতুন জামাকাপড় পরে দ্রুত সংকল্প গ্রহণ করতে হয়। তবে মনে রাখবেন, এদিন উপোস থাকলে বিশেষ আশীর্বাদ মেলে, এবং তার আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। এছাড়া পোশাক পরার সময় মাথায় রাখবেন, যাতে পোশাকটি কালো বা ধূসর না হয়। এরপর বাড়ির মন্দির বা ঠাকুরঘরে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে শিবলিঙ্গকে পরিষ্কার পাত্রে বসাতে হবে। তারপর গঙ্গাজল, মধু দিয়ে মহাদেবকে অভিষিক্ত করতে হয়। এছাড়া এদিন শিবলিঙ্গকে আকন্দ ফুল, বেলপাতা, ধুতরা ফুল, চন্দনের তিলক ইত্যাদি দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। আর এগুলি ভক্তিভরে নিবেদন করলে কৃপা মেলে। এর পাশাপাশি মোমবাতি এবং ধুনো জ্বালানোর রীতি তো রয়েছেই।

তবে শুধুমাত্র বাবা মহাদেবের পূজা করলেই হবে না। এদিন মা পার্বতীর উদ্দেশ্যও নিজের মনস্কামনা জানাতে হবে। হ্যাঁ, পার্বতীর উদ্দেশ্যে সিঁদুর, চুড়ি, আলতা ইত্যাদি দিতে হয়। আর শিব ও পার্বতীর নৈবেদ্যে অবশ্যই ক্ষীর, মিছরি এবং মিষ্টি নিবেদন করতে পারেন। এতে তারা আপনার উপর সন্তুষ্ট হবে এবং আশীর্বাদ বর্ষিত করবে। তবে পূজার সময় অবশ্যই শিব চালিশা পাঠ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। শেষের দিকে শিবের আরতি করে হাতজোড় করে প্রার্থনা করতে হয় এবং পরের দিন সকালে ব্রত ভাঙতে হয়। মনে রাখবেন, এদিন সারারাত চারটি প্রহরে বাবা মহাদেবের পূজা করতে হয় এবং চার প্রহরে দুধ, দই, গঙ্গাজল এবং ঘি দিয়ে মহাদেবকে স্নান করাতে হয়।

আরও পড়ুন: পূর্বাষাঢ়া নক্ষত্রে শনির দোষ কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৪ ফেব্রুয়ারি

২০২৬ সালের মহা শিবরাত্রি কবে পড়ছে?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহা শিবরাত্রি পড়ছে। পঞ্জিকা বলছে, এবার শিবরাত্রি পড়বে আগামী ১৫ ফেব্রুয়ারি। চতুর্দশী তিথি শুরু হচ্ছে সন্ধ্যা ৫:০৪ মিনিটে এবং ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫:২৪ মিনিটে ছাড়াচ্ছে চতুর্দশী তিথি। সেই কারণেই মহা শিবরাত্রি পালিত হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ অর্থাৎ রবিবার। আর ব্রত ভাঙতে হবে ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার। এছাড়া পঞ্জিকা বলছে, শিবরাত্রির শুভ সময় হবে সকাল ৭:০৬ মিনিট থেকে বিকেল ৩:৪৬ মিনিট পর্যন্ত। যদিও এ বিষয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন লেখা রয়েছে। চাইলে নিচের লিঙ্ক থেকে ক্লিক করে জেনে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now