বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হয়েছে সীমিত সময়ের ISL। দেশের সবচেয়ে বড় ফুটবল লিগে পা রেখেই ঝকঝকে ফুটবল দিয়ে প্রতিপক্ষের ডেরায় আগুন লাগিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। টুর্নামেন্টের শুরু থেকেই ক্রমাগত জয় দিয়ে নতুন করে নিজেদের পরিচিতি লিখছে শহরের এই ঐতিহ্যবাহী দল। নতুন ফুটবলার ইউসেফ এজেজারির স্পর্শে যেন নব যৌবনের কুড়ি হয়ে ফুটে উঠেছে লাল হলুদ। সঙ্গে রয়েছেন ব্রাজিলের দাপুটে ফুটবলার মিগুয়েল। এই দুই খেলোয়াড়ের কম্বিনেশন মশাল শিবিরকে যেন নতুন করে বাঁচতে শিখিয়েছে। এক কথায়, এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা একেবারে রাঙ্গিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তা সত্বেও হঠাৎ এক ভিডিও বার্তায় সমর্থকদের কাছে কাতর অনুরোধ রাখতে হল লাল হলুদ ফুটবলারদের।
সমর্থকদের জন্যই শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল!
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ম্যাচগুলিতে লাল হলুদ ভক্তদের একেবারে অন্য মেজাজ দেখা গিয়েছে। গ্যালারির এক কোণে কেউ রং মশাল জ্বালিয়ে উদযাপন করেছেন ইস্টবেঙ্গলের জয়। কেউ আবার স্টেডিয়ামের ভেতরেই আতশবাজি ফাটিয়ে নিজের প্রিয় দলকে উৎসাহ দিয়েছেন। তবে এসব সমর্থকদের কাছে ভাল লাগলেও, ইস্টবেঙ্গলের জন্য বিপদের। সম্প্রতি তা নিয়েই এক ভিডিও বার্তায় লাল হলুদের বাঙালি ফুটবলার শৌভিক চক্রবর্তী এবং গোলকিপার দেবজিৎ মজুমদার একযোগে ভক্তদের কাছে কাতর অনুরোধ রেখেছেন।
ইস্টবেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিওতে এই দুই ফুটবলারকে বলতে শোনা যাচ্ছে, “অনেক প্রতীক্ষার পর আমাদের পায়ে বল গড়িয়েছে। অনুগ্রহ করে আমাদের পা থেকে বল কাড়বেন না। যা যা শুনতে পাচ্ছি আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দিকে এগোচ্ছে, ফেডারেশন, প্রশাসন ক্ষিপ্ত হচ্ছে। এরকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে দেবেন না প্লিজ। আপনারা সুশৃংখলভাবে আমাদের সমর্থন করুন এবং খেলা উপভোগ করুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন।”
View this post on Instagram
অবশ্যই পড়ুন: আমেরিকার মিসাইলকে বলে বলে গোল দেবে ভারতের বেবি ব্রহ্মোস, জানুন বিশেষত্ব
আসলে, এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে লাল হলুদ সমর্থকদের ইস্টবেঙ্গলের ম্যাচ চলাকালীন কিংবা ম্যাচের পরেও আতশবাজি, রং মশাল, দেশলাইয়ের কাঠির মতো দাহ্য পদার্থ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। ইস্টবেঙ্গল সূত্রে খবর, স্টেডিয়ামের ভেতর বিভিন্ন আতশবাজি ফাটিয়ে উদযাপনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নাকি প্রশাসন এবং ফেডারেশনের তরফে নোটিস পেয়েছে লাল হলুদ। আগামী দিনে ইস্টবেঙ্গল সমর্থকরা যদি স্টেডিয়ামের ভেতর দাহ্য পদার্থ ব্যবহার করা থেকে বিরত না থাকেন সেক্ষেত্রে বড়সড় শাস্তির মুখে পড়তে পারে লাল হলুদ। এমনকি ব্যান করে দেওয়া হতে পারে শহর কলকাতার এই ঐতিহ্যবাহী দলটিকে।












