বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার পাকাপাকিভাবে জয়ের সরণীতে দৌড়চ্ছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। গতকাল অর্থাৎ শনিবার চেন্নাইয়িন এফসিকে 3-1 ব্যবধানে হারিয়ে শক্তি সঞ্চয় করেছে লাল হলুদ। সেই সূত্র ধরেই এবার প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানকেও টপকে গিয়েছে তারা। এই মুহূর্তে 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকায় থার্ড বয় অস্কার ব্রুজোর দল। সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়েও ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে মোহনবাগান।
ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে মোহনবাগান
শনিবারের ম্যাচ জিতে পয়েন্ট তালিকার চেহারা বদলে ফেলেছে ইস্টবেঙ্গল। তাতে এক ধাক্কায় 4 নম্বরে নেমে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট। 7 ম্যাচের চারটিতে জয়, দুটি ড্র এবং একটি পরাজয় নিয়ে মোহনবাগানের পয়েন্ট এখন 14। যা ইস্টবেঙ্গলের সমান হলেও গোল পার্থক্যের নিরিখে এগিয়ে রয়েছে মশাল ব্রিগেড।
ওদিকে 8 ম্যাচের পাঁচটিতে জয় এবং তিনটি ড্র নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। তাদের পয়েন্ট এখন 18। ওদিকে জামশেদপুর সমসংখক ম্যাচের চারটিতে জয়, তিনটি ড্র এবং একটি পরাজয় নিয়ে 15 পয়েন্টে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের পয়েন্ট এই মুহূর্ত 14। এছাড়াও তালিকার 6 নম্বরে এফসি গোয়া, 7 নম্বরে পাঞ্জাব, 8 নম্বরে দিল্লি, 9 নম্বরে ইন্টার কাশি, 10 নম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 11 নম্বরে ওড়িশা এসছি, 12 নম্বরের চেন্নাইয়িন এফসি এবং 13 ও 14 নম্বরে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স ও মহামেডান স্পোর্টিং।
অবশ্যই পড়ুন: বন্দে ভারত স্লিপার থেকে হাইড্রোজেন ট্রেন, ভারতীয় রেলে ঘটতে চলেছে ৮ বড় পরিবর্তন
উল্লেখ্য, গতকাল ম্যাচ শুরুর প্রথম 7 মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল করেন এডমুন্ড লালরিন্দিকা। এরপর অবশ্য 28 মিনিটের মাথায় প্রথম গোল শোধ দিয়েছিল প্রতিপক্ষ। প্রথমার্ধে আর গোল হয়নি। পরে দ্বিতীয়ার্ধে একটা দীর্ঘ সময় ইস্টবেঙ্গলকে খুঁজে পাওয়া না গেলেও 83 মিনিটের মাথায় লাল হলুদের হয়ে গোল করেন বিপিন সিং। অনেকেই ভেবেছিলেন 2-1 ব্যবধানেই জিতবে লাল হলুদ। তবে সেই ধারণা মাটি করে 90+6 মিনিট অর্থাৎ অতিরিক্ত সময়ের খেলায় মশাল শিবিরের হয়ে গোল করেন এন সেকার।












