টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালিকে নেতৃত্ব দেবেন ৪২ বছরের প্রাক্তন হকি প্লেয়ার

Published:

Ex hockey player will lead Italy in T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ ধেয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। প্রথমবারের মতো সেই আসরে অংশগ্রহণ করবে ইতালি। ফুটবলে বিরাট নামডাক থাকলেও ক্রিকেটে বিশেষ পরিচিত নয় তারা। তবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারায় আগামী দিনে একটু একটু করে ক্রিকেট জগতে পুরোপুরি ঢুকে পড়বে ইতালি, এমনটাই আশা ক্রিকেট মহলের অনেকের। তবে বিশ্বকাপে নামার আগেই এক বিশেষ কারণে শিরোনামে উঠেছেন ইতালি দলের অধিনায়ক। জানা যাচ্ছে, এবছর সীমিত ওভারের বিশ্বকাপে দলটিকে যিনি নেতৃত্ব দেবেন, সেই ওয়েন ম্যাডসেন আদতে ছিলেন একজন হকি প্লেয়ার। অবাক লাগলেও, তিনিই এবার ক্রিকেট বিশ্বকাপে ইতালির অধিনায়ক।

হকি প্লেয়ারের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে ইতালি

42 বছরের দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত ওয়েন প্রোটিয়া জাতীয় দলের হয়ে দীর্ঘদিন চুটিয়ে হকি খেলেছেন। বলতেই হয়, 2006 সালে কমনওয়েলথ গেমস এবং ওই একই বছরে হকি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ম্যাডসেন। 2010 সাল থেকে হকির দুনিয়ায় নতুন দায়িত্বে দেখা গিয়েছিল তাঁকে। সে বছর থেকেই হকি দলের কোচিং করানো শুরু করেন তিনি। 2010 থেকে 2014 একটানা চার বছর বেলপার নামক এক হকি ক্লাবের কোচ ছিলেন তিনি। এর মাঝে 2013 সালে তিন মাসের জন্য রেপটন স্কুলের হকি কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার সেই খেলোয়াড়ই বিশ্বমঞ্চে ইতালিকে ক্রিকেটে নেতৃত্ব দেবে।

বলাই বাহুল্য, ইতালি দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনের নেপথ্য কারিগর অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস। সব ঠিক থাকলে তিনিই হতেন ইতালির অধিনায়ক। তবে তিনি স্কোয়াডে না থাকার কারণে ক্রিকেটে অল্পসল্প অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন হকি প্লেয়ার ম্যাডসেন বিশ্বকাপে নেতৃত্ব দেবে ইতালিকে। বলে রাখা প্রয়োজন, দেশের হয়ে আজ পর্যন্ত মাত্র চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে 117টি লিস্ট এ ম্যাচ এবং 253টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাডসেনের। এছাড়াও ডার্বিশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটও খেলেছেন তিনি। খেলেছেন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগেও। বিষয়টা বর্তমানে ক্রিকেট মহলের কাছে কিছুটা অদ্ভুত হলেও হকিতে খেলা প্লেয়ার নিয়েই শিরোনামে ইতালি।

অবশ্যই পড়ুন: মমতার উত্তরবঙ্গ সফরের মাঝেই তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ ১৫০ পরিবারের

উল্লেখ্য, নেদারল্যান্ডসের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়া ইতালি আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে। যদিও এই মুহূর্তে যা অবস্থা তাতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কিনা তা বলা দায়। তবে যদি শেষে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ না খেলে সেক্ষেত্রে লাভই হবে ইতালির। না খেলেই একেবারে ওয়াকওভার পেয়ে যাবে তারা।

google button