বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান, হারার ভয়েই কি এই সিদ্ধান্ত?

Published:

ICC T20 World Cup Pakistan boycott match against India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) নিয়ে নাটকের একেবারে অন্তিম পর্বে পৌঁছে গিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ খেলব, খেলবো না করে আর কতদিনই বা চলত! তাই শেষ পর্যন্ত আসল রূপ দেখিয়ে ফেলল PCB! সম্প্রতি পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমান আলি আঘা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, আর যাই হোক বিশ্বকাপ খেলবেন তাঁরা। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই বহাল রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। তবে বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করল পশ্চিমের দেশ। ইতিমধ্যেই, সে কথা জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। আসলে সাপ মরবে, লাঠিও ভাঙবে না এমন নীতিতেই চলতে চাইছে পাকিস্তান! আর এমন সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের কাছে হেরে যাওয়ার ভয়েই এমন পদক্ষেপ?

ভারতের কাছে হেরে যাওয়ার ভয়েই ম্যাচ বয়কট করল পাকিস্তান?

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ অন্য দেশে সরিয়ে নিতে রাজি হয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপটাই বয়কট করেছে বাংলাদেশ। ভাইয়ের এমন পরিস্থিতিতে প্রত্যাশিত অবস্থান নিয়েছিল পাকিস্তান। দরদ দেখিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল তারা। শেষ পর্যন্ত, ওপার বাংলার প্লেয়ারদের পাশে থেকেই পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়ে দিলেন, বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল। এখনও পাশে থাকবে বলেই জানালেন PCB প্রধান।

ESPN Cricinfo-র রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে নাকি জানানো হয়েছে, আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে অংশ নেবে না পাক দল। কারণ হিসেবে যে যুক্তি খাড়া করা হচ্ছে তা হলো রাজনৈতিক হস্তক্ষেপ। অর্থাৎ খোদ পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার। তবে ভারতের বিরুদ্ধে না খেললেও নেদারল্যান্ডস এবং আমেরিকার বিরুদ্ধে খেলবেন সলমানরা। আর এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ভয় পাচ্ছে পাকিস্তান?

অবশ্যই পড়ুন: আসানসোল ডিভিশনে একাধিক মেল, এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাড়াল রেল, ট্রেন থামবে হল্টেও

সহজে বলতে গেলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পছন্দের স্থান অর্থাৎ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। ফলে তাদের ভারতে আসতে হচ্ছে না। এক কথায়, নিরপেক্ষ ভেন্যুতে ভারতের বিপক্ষে খেলতে সমস্যা থাকার কথা নয়। কিন্তু তাও পাকিস্তান সরকার তথা পাক বোর্ড ভারতের ম্যাচ বয়কট করল। এর কারণ হিসেবে ভারতীয় ভক্তদের অনেকেই এশিয়া কাপে পরাজয়ের পর ফের ভারতের কাছে হেরে যাওয়ার ভয় খুঁজে পাচ্ছেন। তাঁদের মতে, আবারও বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে ধবল ধোলাই হতে হবে বলেই সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচ বয়কট করে দিল পাকিস্তান। এদিকে বাকি দুই দল সহজ প্রতিপক্ষ। এই দুই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে চলে যাবে তারা। তাছাড়াও গোটা বিশ্বকাপ বয়কট করলে বিশ্ব ক্রিকেট সংস্থার কঠিন শাস্তির মুখে পড়তে হতো পাকিস্তান বোর্ডকে। ফলে সবদিক মাথায় রেখেই নিজেদের সুবিধাকে আগে দেখেছে PCB, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

google button