বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত বড় ব্যবধানে হারতেই একেবারে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) রান রেট। তাতে সেমি ফাইনালে ওঠার অঙ্ক যথেষ্ট জটিল হয়ে দাঁড়িয়েছে। এদিকে গতকাল জিম্বাবুয়েকে 107 রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার জেরে ক্যারিবিয়ানদের শক্তি বৃদ্ধি হলেও জিম্বাবুয়ের নেট রান রেট হামাগুড়ি দিচ্ছে। এমতাবস্থায় ভারতীয় সমর্থকদের প্রশ্ন একটাই, ওয়েস্ট ইন্ডিজের এই বিরাট জয়ে, কি কোনও সুবিধা হল টিম ইন্ডিয়ার? নাকি বাড়ল চাপ?
ওয়েস্ট ইন্ডিজের জয়ে আরও চাপে পড়ে গেল ভারত?
সোমবারের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। সেই সূত্রেই ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে মাঠে নেমেই যেন খেলা ঘুরিয়ে দিলেন তারা। এদিন শুরুতেই শাই হোপ এবং ব্যান্ডন কিংয়ের হাত থেকে বড় রান না এলেও খেল দেখিয়েছিলেন শিমরন হেটমায়ার এবং রোভম্যান পাওয়েল। এই দুই ব্যাটসম্যান কয়েক মুহূর্তের মধ্যেই 122 রানের অংশীদারিত্ব গড়ে ফেলেন। এরপর শেরফন রাদারফোর্ডও 31 রানের দুরন্ত ইনিংস খেলে দলকে এগিয়ে দিয়েছিলেন।
জিম্বাবুয়ের বোলিং অ্যাটাককে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে 254 রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীতে 255 এর লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে হিমশিম খেয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। প্রতিপক্ষের সামনে ক্রমাগত উইকেট হারিয়ে 147 এ অলআউট হয়ে যায় সিকান্দর রাজার দল। সেই সূত্রেই 107 রানে বিরাট জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। আর এই জয়ের পর একদিক থেকে যেমন ভারত কিছুটা হালকা হয়েছে, অন্যদিকে চাপও বেড়েছে টিম ইন্ডিয়ার। কারণ, জিম্বাবুয়েকে বিরাট ব্যবধানে হারানোয় ভাল জায়গায় চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের রান রেট। এদিকে জিম্বাবুয়ে -5.350 রান রেটে নেমে এসেছে। সবচেয়ে বড় কথা, ভারতের পরবর্তী দুই ম্যাচ এই দুই দলের বিরুদ্ধেই।
অবশ্যই পড়ুন: স্টেশনে এসব কাজ করলেই জেল! না জানলে জেনে নিন
বর্তমানে পরিস্থিতি যা তাতে, -3.800 রান রেট থেকে সেমিফাইনালে পৌঁছতে হলে সুপার এইটের পরবর্তী দুই ম্যাচ অর্থাৎ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের বিরুদ্ধে জিততে হবে ভারতকে। সুপার এইট পর্বে পরপর দুইবার জিতলেও দক্ষিণ আফ্রিকার উপর নির্ভর করে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। হিসেব বলছে, দক্ষিণ আফ্রিকা যদি তাদের প্রতিটি ম্যাচ জেতে তবেই সেমিফাইনালে উঠতে পারবে ভারত। তবে প্রোটিয়ারা যদি একটি ম্যাচও হেরে যায় সে ক্ষেত্রে ভারতের বিদায় একপ্রকার নিশ্চিত। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পরপর দুই ম্যাচে ভারতীয় দল যদি বিরাট ব্যবধানে জিততে পারে সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার জন্য হয়তো দক্ষিণ আফ্রিকার ম্যাচের উপর নির্ভর করতে হবে না তাদের।












