ফিরছেন দুই সুপারস্টার! পাকিস্তানকে টাইট দিতে এই একাদশ নিয়ে নামতে পারে ভারত

Published:

India Vs Pakistan T20 World Cup Match India's Possible Playing XI
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খেলোয়াড়দের মধ্যে কারও চোট সমস্যা, কারও আবার পেটে যন্ত্রণা। এসব নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ভারত। গর্বের বিষয়, শত সমস্যা কাটিয়ে প্রথম দুই পরীক্ষায় ভালভাবে উত্তীর্ণ হয়েছে টিম ইন্ডিয়া। তবে আসল পরীক্ষা তো শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে (India Vs Pakistan)। হ্যাঁ, এদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল কতটা নিজেদের সর্বস্ব দিয়ে লড়তে পারে সেটা দেখার জন্যই একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা। এদিকে শোনা যাচ্ছে, এদিনের ম্যাচেই ফিরতে পারেন ভারতের দুই সুপারস্টার ক্রিকেটার। সেক্ষেত্রে বলাই যায়, সর্বশক্তি দিয়েই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে ভারতীয় একাদশ। কিন্তু কারা খেলবেন হাইভোল্টেজ ম্যাচে?

কখন শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 15 ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। বিগত দিনগুলিতে এশিয়া কাপ থেকে শুরু করে একের পর এক মঞ্চে ভারতের কাছে নাকানি চোবানি খাওয়ার পর রবিবার ভারতকে পাল্টা দেওয়ার সব রকম চেষ্টা করবে পাক দল। এদিকে ভারতের লক্ষ্য থাকবে ফের পাকিস্তানকে গুটিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা।

ভারত-পাক ম্যাচে ফিরছেন দুই দাপুটে ক্রিকেটার?

কিছুদিন আগেই পেটে প্রচন্ড যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার অভিষেক শর্মা। যার কারণে নামিবিয়ার ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। আর সুযোগ পেয়েই ঝড়ো ইনিংস খেললেও বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি তিনি। এদিন 8 বলে 22 রান করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় তারকাকে। তবে শোনা যাচ্ছে, আগামীকালের ম্যাচে পাকিস্তানের ঘাম ছুটিয়ে দিতে মাঠে নামবেন অভিষেক শর্মা। হ্যাঁ, টিম ইন্ডিয়ার শক্তি বাড়াতে গতকালই ওপেনিং করতে পারেন তিনি।

এখানেই শেষ নয়, এতদিন চোটের কারণে বাইরে থাকা তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে ফিরতে পারেন। তাতে টিম ইন্ডিয়ার ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগ অনেকটাই শক্তি পাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, অভিষেক এবং ওয়াশিংটন পাকিস্তানের ম্যাচে থাকলে ভারতের ভাঁড়ারে গোলা বারুদের পরিমাণ অনেকটাই বাড়বে।

এন্ট্রি নেবেন আরেক তারকা!

কলম্বোর পিচ মূলত স্পিন ফেভারিট। এখানে ধীরগতির স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকেন সে কথা সকলেরই জানা। মূলত সেই কারণেই নিজেদের রণকৌশল বদলেছে ভারত। আপাতত যা খবর, আগামীকালের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের বোলিং বিভাগে বড় বদল আসতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অর্শদীপ সিং। এই পাঞ্জাবি ক্রিকেটারের বদলে ভারতীয় একাদশে জায়গা পেতে পারেন স্পিনার কুলদীপ যাদব।

অবশ্যই পড়ুন: প্রকাশ্যে এল যুবসাথীর ফর্ম, ডাউনলোড করে কীভাবে পূরণ করবেন? জানুন এক ক্লিকেই

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

ইশান কিষাণ (উইকেট কিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now