বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আচমকা গাড্ডায় পড়েছে ভারত। আফ্রিকার কাছে অপ্রত্যাশিতভাবে হারের পরই সেমিফাইনালে ওঠা সূর্যকুমার যাদবদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ভারতের নেট রান রেটের যা অবস্থা তাতে সুপার এইটের পরবর্তী দুই ম্যাচের দুটিতেই জিততে হবে (India Vs Zimbabwe)। অন্যথায় বিশ্বকাপ থেকে বিদায় নেবে টিম ইন্ডিয়া। সেই সূত্রেই, জিম্বাবুয়ের বিরুদ্ধে আগামীকালের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য। কিন্তু প্রশ্ন থাকে, এই ম্যাচে ঠিক কত রানের ব্যবধানে জিতলে তবে সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের জায়গা ধরে রাখতে পারবে ভারত?
ভারতের জন্য সেমিফাইনালের অঙ্ক কঠিন
দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানের বিরাট ব্যবধানে হারার পর টিম ইন্ডিয়ার নেট রান রেট গিয়ে দাঁড়িয়েছে -3.800 তে। এমতাবস্থায়, ভারতীয় দলকে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে হলে পরপর দুই ম্যাচ অর্থাৎ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। সেই সাথে কিছু ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ম্যাচের উপরেও নজর রাখতে হবে ভারতীয় দলকে। হিসেব বলছে, দক্ষিণ আফ্রিকা যদি প্রতিটি ম্যাচ জিততে পারে সে ক্ষেত্রে সেমিফাইনালে বড় সুযোগ থাকবে ভারতের। কিন্তু তার আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে কত রানে জিততে হবে টিম ইন্ডিয়াকে?
আরও পড়ুনঃ জিম্বাবুয়ের বিরুদ্ধে জিততে মাস্টারস্ট্রোক ভারতের, ৪ প্লেয়ারকে বাদ দিয়ে তৈরি একাদশ!
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত যদি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সে ক্ষেত্রে জিম্বাবুয়েকে 130 রানের মধ্যে থামাতে হবে তাঁদের। সে ক্ষেত্রে বোঝাই যাচ্ছে টিম ইন্ডিয়ার বোলিং কতটা আঁটসাঁট হওয়া প্রয়োজন। সেই সাথে রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়াকে ওই নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে 10 থেকে 12 ওভারের মধ্যেই। তবে ভারত যদি প্রথমে ব্যাট করে এবং জিম্বাবুয়ে যদি সেই রান তাড়া করে সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে প্রথমেই 190 বা তারও বেশি রান করতে হবে। একই সাথে জিম্বাবুয়েকে দ্রুত আউট করে অন্তত 60 বা তারও বেশি রানে জিততে হবে সূর্যদের। এই কাজ করতে পারলেই সেমিফাইনালের লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখতে পারবেন তাঁরা।
অবশ্যই পড়ুন: নতুন আবেদনকারীরা পাচ্ছেন লক্ষীর ভাণ্ডারের টাকা, না পেলে কী করবেন? জানুন
উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল জিম্বাবুয়ে। আফ্রিকার এই দল নিজেদের দুর্ধর্ষ ব্যাটিং এবং বোলিং দিয়ে হারিয়েছে অস্ট্রেলিয়া এবং আয়োজক শ্রীলঙ্কাকেও। যদিও শেষবারের মতো সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের কাছে 107 রানের বিরাট ব্যবধানে হেরেছে তারা। এবার সেই দলই মুখোমুখি হবে ভারতের।












