বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় খবর। ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে পারেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)! বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসের তরফে নতুন প্রস্তাব পেয়েছেন টিম ইন্ডিয়ার হেড স্যার। জানা যাচ্ছে, গৌতম রাজি হয়ে গেলেই RR মেন্টর হিসেবে বড় দায়িত্ব পেয়ে যাবেন টিম ইন্ডিয়ার হেড কোচ। এখানেই শেষ নয়, মেন্টরের পাশাপাশি গৌতম গম্ভীরকে দলের মালিকানার কিছু শতাংশও অফার করতে পারে রাজস্থান রয়্যালসের মালিকরা। এমন খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ভারতের প্রধান কোচের পদ ছাড়বেন গম্ভীর?
গম্ভীরকে 3টি বড় দায়িত্ব দিতে চাইছে RR
জানা গিয়েছে, ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিজেদের দলের দায়িত্ব দেখতে চাইছে রাজস্থানের নতুন মালিকরা। আসলে, বিক্রি হওয়ার মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল RR। সূত্রের খবর, যাঁরা এই দলটির মালিকানা পেতে চলেছেন তাঁরা নাকি গৌতম গম্ভীরের দলের অংশীদার করতে চায়। শুধু তাই নয়, রাজস্থানের CEO, মেন্টর এবং একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গৌতম গম্ভীরকে দেখতে চাইছেন তাঁরা।
বলাই বাহুল্য, রাজস্থান রয়্যালস দলটির বর্তমান মালিকরা RR এর মালিকানার একটা বড় অংশ বিক্রি করে দিচ্ছে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে জোর কলমে। সব ঠিক থাকলে, IPL 2026 এর আগেই পুরোপুরি শেষ হয়ে যাবে মালিকানা হস্তান্তরের কাজ। শোনা যাচ্ছে, রাজস্থানের নতুন মালিকরা গৌতম গম্ভীরকে দলের মালিকানার 3 শতাংশ একেবারে হাসিমুখে দিয়ে দিতে চাইছেন। তবে গৌতম গম্ভীরের কাছে বড় সুযোগ থাকলেও তিনি কি টিম ইন্ডিয়ার বড় দায়িত্ব ছেড়ে সে দিকে পা বাড়াবেন? উঠছে প্রশ্ন।
অবশ্যই পড়ুন: ইমরান খানের জন্য একজোট গাভাস্কার-কপিল-স্টিভরা! পাকিস্তান সরকারকে কড়া চিঠি
অনেকেই মনে করছেন, রাজস্থান দলের নতুন মালিকরা গৌতম গম্ভীরকে নিয়ে আশাবাদী থাকলেও টিম ইন্ডিয়ার প্রধান কোচের পক্ষে বর্তমানে RR এর দায়িত্ব নেওয়াটা সম্ভব নয়। তার কারণ, তিন ফরম্যাটে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ায় গৌতম গম্ভীর কোনও দলের মেন্টর হতে পারবেন না। এর আগে KKR এর মেন্টর পদ ছেড়ে দিয়ে তবেই ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন গৌতম। 2027 সাল পর্যন্ত গৌতম গম্ভীরের সাথে চুক্তি রয়েছে BCCI এর। ফলে এর আগে সেই চুক্তি ভেঙে IPL দলের দায়িত্ব নিলে ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তি এবং জরিমানার মুখে পড়তে হতে পারে তাঁকে। ফলে, নতুন দায়িত্ব নেওয়ার সম্ভাবনা গম্ভীরের ক্ষেত্রে নেই বললেই চলে।












