বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় ঘোষণা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। 2026 এর জানুয়ারির প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে 3 জন আন্তর্জাতিক ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা (ICC Men’s T20 World Cup)। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার চলতি বছরের শুরুতেই ব্যাট হাতে একেবারে আগুন ঝরিয়েছিলেন। এবার সেই কর্মের ফল একেবারে হাতেনাতে পাচ্ছেন তিনি। সূর্য ছাড়াও আরও দুই বিদেশি ক্রিকেটারকে বিশেষ সম্মানে সম্মানিত করছে ICC।
ICC র প্লেয়ার অফ দ্য মান্থ হলেন এই তিন জন
নতুন বছর শুরু হতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য। 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের 3টিতে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। 196.74 স্ট্রাইক রেট নিয়ে 242 রান এসেছিল স্কাইয়ের ব্যাট থেকে। শুধু তাই নয়, নিজে দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি ভারতকে 4-1 ব্যবধানে সিরিজ জিতিয়েছিলেন সূর্য। এবার সেই কাজের ফল একেবারে হাতেনাতে পাচ্ছেন তিনি। গত মাসের প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে সূর্যকুমারকে বেছে নিয়েছে ICC। বিশ্বকাপের মাঝে ভারতীয় অধিনায়কের এমন প্রাপ্তি বা পুরস্কার সত্যিই গর্ব করার মতো।
এদিকে, সূর্যর পাশাপাশি চলতি বছরের জানুয়ারির জন্য ICC পুরুষ প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার ড্যারিল মিচেল এবং ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট। এই দুই তারকা ব্যাটারই ব্যাট হাতে নিজেদের জাত চিনিয়েছিলেন। বুঝিয়েছিলেন তাঁদের ক্ষমতা।। ভারতের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে জেতাতে বড় অবদান রেখেছিলেন মিচেল। অন্যদিকে টি-টোয়েন্টিতেও দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন তিনি। এছাড়াও রুট গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বড় কৃতিত্ব রেখেছিলেন। সেই ফলই পেলেন তিনি।
অবশ্যই পড়ুন: মাত্র ১৩ ঘণ্টায় পৌঁছে যান গোয়া, চালু হচ্ছে নতুন বন্দে ভারত
উল্লেখ্য, বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ম্যাচগুলিতে বড় রান করলেও চলতি টুর্নামেন্টের সাম্প্রতিক কয়েকটি ম্যাচে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার। বড় রান করার স্বপ্ন দেখলেও মাঝপথে আউট হয়ে ফিরতে হচ্ছে তাঁকে। গত রবিবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাত্র 32 রান করে আউট হয়েছিলেন তিনি। এখন দেখার চলতি টুর্নামেন্টের বাকি পর্বগুলিতে সূর্যর ব্যাটে রান ধরা দেয় কিনা।












