বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে IPL। বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ শুরুর আগেই চিন্তায় জেরবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার অবশ্য একাধিক শক্ত কারণ রয়েছে। গত নিলাম থেকে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কেনার পরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে তাঁকে ছেড়ে দিতে হয়েছে। তাঁর বিকল্প এখনও খুঁজে পায়নি KKR। এরই মাঝে বিশ্বকাপের আগেই ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোট পান টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার হর্ষিত রানা। ইতিমধ্যেই সার্জারিও হয়েছে তাঁর। এসব নিয়ে যখন চিন্তিত শাহরুখের দল ঠিক সেই আবহে বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পেলেন 18 কোটির মাথিশা পাথিরানাও। সবমিলিয়ে, বড় বিপদে নাইট রাইডার্স। এরই মাঝে শোনা যাচ্ছে, রানার বিকল্প হিসেবে এক ভারতীয় প্লেয়ারের সাথে নাকি কথা বলেছে KKR।
রানার বিকল্প হতে পারেন ইনি
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচে বল করতে গিয়ে আচমকা বাঁ পায়ের হাঁটুতে গুরুতর চোট পান ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার হর্ষিত রানা। যার ফলে মাত্র এক ওভার বল করেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে সার্জারিও হয় তাঁর। তাতে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন রানা। যদিও বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের খেলোয়াড়। কিন্তু তা হলেও এবারের IPL এ এই ভারতীয় তারকাকে আদৌ KKR পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
এসবের মাঝেই কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, রানার বিকল্প হিসেবে ইতিমধ্যেই নাকি ভারতীয় বোলার আকাশ মাধওয়ালের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান থেকে শুরু করে রাজস্থান রয়্যালস দলের হয়ে মাঠে নামা এই প্লেয়ারকে বিকল্প বোলার হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নামাতে চাইছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যদিও তার আগে রানার মেডিকেল টিমের সাথে নাকি এক প্রস্থ কথা হয়েছে কলকাতার। সেক্ষেত্রে রানা যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আদতেই খেলতে না পারেন তবে এবছর কলকাতার হয়ে মাঠ কাঁপাতে দেখা যেতে পারে, আকাশকে। তবে এ নিয়ে KKR এর তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপের পরই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান! বড় সিদ্ধান্ত নিল BCCI
উল্লেখ্য, গত বছরের ব্যর্থতার পর একটু একটু করে দলটাকে গুছিয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। ব্যর্থতা কাটাতে প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচ সহ একাধিক কোচিং স্টাফের পদে বদল এনেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। সেই সাথে নিলাম থেকেও বিপুল অর্থ দিয়ে যাকে চেয়েছে তাঁকেই পেয়েছে কলকাতা। দলে এসেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও। কেনা হয়েছে দামি দামি বোলার। কিন্তু সেসব সত্ত্বেও বোলারদের নিয়েই সমস্যায় ভুগছে সোনালী বেগুনি ম্যানেজমেন্ট।












