বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়ের বিরুদ্ধে 72 রানের বিরাট ব্যবধানে জয় দিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়েছে ভারত (India Vs West Indies)। কিন্তু তা হলেও পহেলা মার্চ, রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। আসলে এ দিনের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে মরণবাঁচন ম্যাচ। এই ম্যাচে না জিততে পারলে রবিবারই বিশ্বকাপ থেকে বিদায় নেমে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে প্রশ্ন থেকে যায়, এদিনের ম্যাচে যদি বৃষ্টি নামে সে ক্ষেত্রে কোন দল পৌঁছবে সেমিফাইনালে?
কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পর্যন্ত ভারতের কোনও ম্যাচ পায়নি ইডেন গার্ডেন্স। ফলে, আগামী রবিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি হবে টিম ইন্ডিয়ার কলকাতায় এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সন্ধ্যা সাতটায় শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেনে গড়াবে দুইদলের দুর্ধর্ষ ম্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টি হলে কী হবে?
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল ভারত। যার কারণে পরপর দুই ম্যাচে দুটিতেই জিততে হতো তাদের। এর মধ্যে সুপার এইটের প্রথমটিতে জিতে গিয়েছেন সূর্যরা। এখন অপেক্ষা দ্বিতীয় ম্যাচের। তবে প্রশ্ন থাকে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? রিপোর্ট অনুযায়ী, রবিবারের ম্যাচে যদি বৃষ্টি নামে এবং তার জন্য খেলা যদি ভেস্তে যায় সেক্ষেত্রে দুই দল এক পয়েন্ট করে পাবে। তখন নেট রান রেটের নিরিখে বিচার করা হবে কোন দল সেমিফাইনালে ওঠার যোগ্য।
অবশ্যই পড়ুন: গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেই চলত পেট, রিঙ্কু সিংয়ের বাবার অতীত চোখ ভেজাবে!
বলে রাখি, জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেও ভারতের নেট রান রেট বর্তমানে -0.100। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান নেট রান রেট +1.791। সহজ ভাষায় বলতে গেলে, রবিবারের ম্যাচে যদি বৃষ্টি নামে এবং খেলা যদি ভেস্তে যায় সেক্ষেত্রে নেট রান রেট বেশি থাকায় সহজেই সেমিফাইনালে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ঠিক তখনই কম নেট রান রেট নিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়বে ভারত। কাজেই ভারতের কাছে জেতা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প নেই।












