সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ের প্রত্যেকটি টেলিকম কোম্পানি রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম লাগামছাড়া বাড়াচ্ছে, যা সাধারণ মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারগুলির পক্ষে প্রতি মাসে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এখন ডেটা ছাড়া কোনও প্ল্যান নেই বললেই চলে। সেই কারণে যাদের ডেটার প্রয়োজন পড়ে না, তাদেরকেও ডেটাযুক্ত প্ল্যান রিচার্জ করতে হয়। আগে যেমন টকটাইম বা এসএমএসের জন্য আলাদা প্ল্যান থাকত এখন সেসব কার্যত উধাও। এ নিয়েই এবার নির্দেশিকা জারি ট্রাইয়ের।
ডেটা ছাড়া প্ল্যান আনার দাবিতে সরব ট্রাই
মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার সরব হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। শুধুমাত্র টকটাইম এবং মেসেজের সুবিধা দেবে এরকম রিচার্জ প্ল্যান আনার পক্ষে সওয়াল করেছে টেলিকম সংস্থা। আসলে এখন প্রত্যেকটি রিচার্জ প্ল্যানেই ডেটা উপলব্ধ। যারা ফিচার ফোন বা কিপ্যাড ফোন ব্যবহার করে, তাদের ডেটার প্রয়োজন পড়ে না বা তাদের পক্ষে ডেটা ব্যবহারের বিকল্প থাকে না। কিন্তু বাধ্য হয়ে টাকা দিয়ে ডেটা কিনতে হয় এবং সেই ডেটা নষ্ট হয়। সেই কারণেই এবার ১৩ তম সংশোধনীর খসড়া প্রকাশ করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। আর সেখানে শুধুমাত্র টকটাইম ও মেসেজ করা যাবে এরকম প্ল্যান আনার পক্ষে জোর দিয়েছে তারা।
এখন হাতেগোনা এক বা দু’টি সংস্থার এরকম দু-একটা প্ল্যান রয়েছে যেগুলিতে শুধুমাত্র কল ও এসএমএস করা যায়। বাদবাকি সব প্ল্যানেই ডেটা অন্তর্ভুক্ত। এমনকি সবথেকে বড় ব্যাপার, সেই প্ল্যানগুলির মেয়াদও বেশি এবং গ্রাহকদের পকেট থেকে বেশি টাকা খরচ করতে হয়। ট্রাইয়ের দাবি, সব ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখেই রিচার্জ প্ল্যান আনতে হবে, যাতে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত প্রত্যেকের মোবাইল ব্যবহারকারীদের সাধ্যের মধ্যে আসে। আসলে এই ধরনের রিচার্জ প্ল্যানগুলি আগে সচল থাকলেও ইন্টারনেটের গতি বৃদ্ধি পাওয়ার কারণে ধীরে ধীরে তা সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে পণ্ড হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট
তাই সমস্ত টেলিকম অপারেটরকে এরকম রিচার্জ প্ল্যান আনতে বলেছে ট্রাই, যেখানে শুধুমাত্র কল বা এসএমএস এর সুবিধা মিলবে। অতিরিক্ত কোনও ডেটার প্রয়োজন নেই। আর সবথেকে বড় ব্যাপার, প্ল্যাঙ্গুলি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বাজেটের মধ্যেই রাখতে হবে। আর আগামী ২৮ এপ্রিলের মধ্যেই প্রতিটি টেলিকম সংস্থাকে এ বিষয়ে বক্তব্য জানাতে হবে বলে নির্দেশিকা জারি করেছে ট্রাই।












