বিজেপির ইস্তেহার, মোদীর সভায় ফোন চুরি…! আজকের সেরা ১০ খবর (১০ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ এপ্রিল, শুক্রবার। বিজেপির ইস্তেহার, মোদীর সভায় ফোন চুরি, বাংলায় ইডির অভিযান, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রেশন দুর্নীতি কাণ্ডে বাংলায় আবার ইডির হানা

শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের বারোটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। মূলত রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গতি আনার জন্য কলকাতা, উত্তর ২৪ পরগনা, বনগাঁ, মুর্শিদাবাদ এবং হাওড়ার বিভিন্ন এলাকায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের নজরে রয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী বসন্তকুমার শরাফ। এদিন তাঁর বাসভবনের তল্লাশি চালানো হয়েছে। ইডির অনুমান, রেশনের পণ্য খোলা বাজারে বিক্রির ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে। এমনকি এই মামলাতে গত বছর ১৫ জানুয়ারি জামিনে মুক্তি পেয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এবার হাবড়া থেকে লড়ছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে সুখবর

তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে বিরাট অগ্রগতি। গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত সংযোগকারী রেল ব্রিজ তৈরি করার জন্য ভাবাদিঘির পুরনো স্কুল ভবনটি ভাঙা হলেও পাশেই নতুন প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠছে। ২০২৬ সালের মধ্যেই এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রকল্প সম্পন্ন হলে হাওড়া থেকে সরাসরি তারকেশ্বর হয়ে বিষ্ণুপুর এবং বাঁকুড়া পৌঁছানো যাবে। যা যাত্রীদের সময় এবং দূরত্ব দুটোই বাঁচাবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভাঙল মিম

২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে বিরাট ধাক্কা খেয়েছে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। তৃণমূলের তরফ থেকে তাঁর একটি বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জোট ভাঙার ঘোষণা করেছে আসাউদ্দিন ওয়েসির মিম। শুক্রবার সকালে মিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মুসলিমদের ভাবাবেগ এবং আত্মসম্মানকে নিয়ে ছিনিমিনি খেলে এমন কোনও ব্যক্তির সঙ্গে তারা সম্পর্ক রাখবে না। আর পশ্চিমবঙ্গে তারা এখন থেকে একলা চলো নীতিতেই লড়বে। হুমায়ুন কবির যদিই ওই ভিডিওটিকে এআই ব্যবহার করে তৈরি করা জাল ভিডিও বলে দাবি করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) নন্দীগ্রাম থেকে মনোনয়নপত্র প্রত্যাহার শুভেন্দু অধিকারীর!

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে বিরাট মোড়। নন্দীগ্রাম আসনে বিজেপির হয়ে লড়াই করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, বরং তাঁর নামে আরও এক নির্দল প্রার্থী যার নাম শুভেন্দু অধিকারী, তিনি মনোনয়ন তুলে নিয়েছেন। আর এই নির্দল শুভেন্দু অধিকারী মূলত দক্ষিণ কলকাতার গড়ফার বাসিন্দা আর যাদবপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। তাঁর এই মনোনয়ন তোলার ফলে যে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভোট কাটার আশঙ্কা ছিল, তা দূর হয়েছে এবং এতে গেরুয়া শিবিরের রাজনৈতিক সুবিধা অনেকটাই বাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) আসানসোলে মোদীর সভা থেকে ৪৫০ ফোন চুরি

বৃহস্পতিবার আসানসোলের পোলো গ্রাউন্ডে নরেন্দ্র মোদীর নির্বাচনি সভা থেকে সাড়ে ৪০০ মোবাইল এবং মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় হিরাপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিজেপি একে চক্রান্ত বলেছে। কিন্তু তৃণমূল পাল্টা কটাক্ষ করেছে। চুরির জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। আর কয়েকজনকে আটক করা হয়েছে। অতীতেও এই অঞ্চলে বিজেপি নেতাদের মোবাইল চুরি হওয়ার ঘটনায় রাজনৈতিক জলঘোলা বেড়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) গগনযান মিশনে বড় সফলতা অর্জন ISRO-র

গগন যান মিশনের প্রস্তুতিতে আজ অর্থাৎ ১০ এপ্রিল শুক্রবার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হয়েছে দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট। প্রায় ৫.৭ টন ওজনের একটি কৃত্রিম ক্রু মডিউলকে বায়ুসেনা চিহ্নিত হেলিকপ্টারের সাহায্যে তিন কিলোমিটার উচ্চতা থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপণ করা হয়েছে। আর দশটি প্যারাসুট ব্যবহারের মাধ্যমে মডিউলটির অবতরণ গতি কমিয়ে সেটিকে নিরাপদে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী, এমনটাই খবর। কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ভারত থেকে ২০০টি অত্যাধুনিক ব্রডগেজ রেল কোচ নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ আর ভারতের কূটনৈতিক সম্পর্কের বরফ আবারও গলতে দেওয়া শুরু করেছে। ২০২৬ এর জুন মাসের মধ্যেই ভারত থেকে ২০০টি অত্যাধুনিক ব্রডগেজ রেল কোচ আমদানির প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে সে দেশের সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়ে দিয়েছেন যে, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের অর্থায়নে এই কোচগুলো ২০২৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে ধাপে ধাপে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। নতুন কোচগুলি হাতে আসলে ঢাকা এবং উত্তরবঙ্গের মধ্যে ইন্টারসিটি ট্রেনের সংখ্যা বাড়বে এবং রেল পরিষেবা আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বাংলায় ইস্তেহার প্রকাশ করল বিজেপি

২০২৬ বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে অনুপ্রবেশ রুখার জন্য কঠোর নীতি, সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এমনকি বেকারদের মাসে ৩০০০ টাকা ভাতা, মহিলাদের ৩৩ শতাংশ সরকারি চাকরির সংরক্ষণ এবং মাসিক ৩০০০ টাকা সহায়তার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে এনআইটি এবং আইআইএম ক্যাম্পাস নির্মাণ আর কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) অনলাইনে ১০ হাজার টাকা পেমেন্ট করে ১ ঘণ্টা অপেক্ষা, নতুন নিয়ম

অনলাইনে দিনের পর দিন সাইবার প্রতারণা বেড়েই চলেছে। তা রুখার জন্যই গত ৯ এপ্রিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে এগিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই প্রস্তাবিত নিয়মে, ১০ হাজার টাকার বেশি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এবার নাকি ১ ঘণ্টার কুলিং অফ পিরিয়ড রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ টাকা পাঠানোর ১ ঘণ্টা পর্যন্ত সে আর টাকা পাঠাতে পারবে না, এবং এই সময়ের মধ্যে প্রেরক চাইলে লেনদেনটি বাতিল করার সুযোগ পাবে। সামাজিক কারসাজি বা ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনাগুলো আটকাতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) লোকসভার ২৭২ আসন মহিলাদের জন্য সংরক্ষণ

২০১৯ লোকসভা নির্বাচনে নারীদের জন্য এক তৃতীয়াংশ আসন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধনী বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে। ১৬ এপ্রিল থেকে সংসদের বিশেষ অধিবেশনে এই বিল পেশ করা হবে বলে জানানো হয়েছে। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে লোকসভার মোট সাংসদ সংখ্যা ৮১৬ তেই নিয়ে যাওয়ার কথা আলোচনা চলছে। যার মধ্যে ২৭২টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। আর ২০২৭ জনগনণার অপেক্ষা না করেই দ্রুত এই আইন কার্যকর করার পাশাপাশি সরকারি পদক্ষেপকে বিরোধীরা রাজনৈতিক চাল বলেই দাবি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন