বিজেপিতে লিয়েন্ডার পেজ, কলকাতায় বাস বন্ধ…! আজকের সেরা ১০ খবর (৩১ মার্চ)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১ মার্চ, মঙ্গলবার। বিজেপিতে লিয়েন্ডার পেজ, কলকাতায় বাস বন্ধ, বাংলাদেশে আইপিএল না দেখানোর ঘোষণা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় সন্তু পানের পর এবার দ্য নিউজ বাংলার সাংবাদিক মানব গুহকে মেমারি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি সিতাই, বাগদা, চৌরঙ্গী, হাওড়া দক্ষিণসহ মোট ১৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, বাগদা কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়ে ময়নাগুড়ি কেন্দ্রে কৌশিক রায়ের বদলে ডালিম রায়কে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) জইশ প্রধান আজহার মাসুদের বড় ভাই তাহির আনোয়ারের মৃত্যু

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বড় ভাই তথা সংগঠনের প্রভাবশালী নেতা মহম্মদ তাহির আনোয়ার এর মৃত্যু ঘিরে এবার চাঞ্চল্য চড়িয়েছে পাকিস্তানে। সোমবার গভীর রাতে বাহাওয়ালপুরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাঁকে দাফন করা হয়েছে। তবে এ নিয়ে এখন নতুন জল্পনার জন্ম দিচ্ছে। দীর্ঘদিন ধরে পদ্মার আড়ালে থেকে জঙ্গি প্রশিক্ষণ এবং সংগঠনের প্রচার সামলানো এই নেতার মৃত্যু নিয়ে পাকিস্তান সরকার এখনো পর্যন্ত কোনও মুখ খোলেনি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে একাধিক ভারত বিরোধী জঙ্গি নেতার মৃত্যুকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বাংলাদেশে দেখানো হবে না আইপিএল

আর্থিক বকেয়া সংক্রান্ত জটিলতায় এবার বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এর সঙ্গে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করে দিয়েছে ভারতীয় সংস্থা জিওহটস্টার। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত হওয়া এই চুক্তি ভেঙে যাওয়ার কারণে ওপার বাংলায় আইপিএল দেখা নিয়ে এবার অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এর আগে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বিবাদ এবং বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ করার ঘটনার পর এই সিদ্ধান্ত যে বাংলাদেশকে বিরাট ধাক্কা দেবে তা বলার অপেক্ষা রাখে না। বকেয়া অর্থ না মেটানোয় মূলত এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বিহারে শীতলা মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮ জনের

চৈত্র মাসের শেষ মঙ্গলবার বিহারের নালন্দার শীতলা মন্দির পুজো দিতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত আটজন মহিলার। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জনের বেশি পুণ্যার্থী। আর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না এবং ভিড় নিয়ন্ত্রণের সঠিক ব্যবস্থা না থাকার কারণে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে মন্দির চত্বর খালি করে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ১ এপ্রিল থেকে NPS-এ বড় বদলের ঘোষণা

ন্যাশনাল পেনশন সিস্টেমের বিনিয়োগকারীদের জন্য ১ এপ্রিল থেকে এবার বিরাট পরিবর্তনের কথা ঘোষণা করেছে পেনশন ফান্ড রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট অথোরিটি। জানা যাচ্ছে, নতুন মাল্টিপল এনএভি ফ্রেম ওয়ার্ক এর আওতায় সরকারি এবং বেসরকারি বিনিয়োগকারদের একই স্কিমে আলাদা আলাদা এনএভি প্রযোজ্য হবে, যা বিনিয়োগ ব্যবস্থাপনা, ফি এবং চার্জে আরও স্বচ্ছতা নিয়ে আসবে। এই প্রযুক্তিগত পরিবর্তনের কারণে ২৭ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পোর্টফোলিও পুনর্বিন্যাস, টাকা তোলা স্থগিত থাকছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বিজেপিতে যোগদান করলেন লিয়েন্ডার পেজ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় চমক দিয়েছে বিজেপি। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। একসময় তৃণমূলের হাত ধরলেও আজ থেকে গেরুয়া শিবিরের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। লিয়েন্ডার জানিয়েছেন যে, ৪০ বছর খেলার পর এবার দেশসেবা ও যুব সম্প্রদায়ের জন্য কাজ করতে চান তিনি। ভোটের মুখে তাঁর এই যোগদান যে বঙ্গ বিজেপির শক্তি আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) আরবসাগরের বুক চিরে প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু ONGC-র

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে এবার ভারতে জ্বালানি সংকট এড়াতে বড় স্বস্তির খবর দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। মুম্বাই উপকূল থেকে ১৮০ কিলোমিটার দূরে আরব সাগরের দমন আপসাইড ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে গত ২৯ মার্চ বাণিজ্যিকভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করেছে তারা। সংঘাতের জেরে কাতার থেকে গ্যাস আমদানি বন্ধ থাকার কারণে দেশে যে এলপিজি সংকট তৈরি হয়েছিল, প্রতিদিন ৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস উৎপাদনের এই প্রকল্প সেই মোকাবিলা রুখতে বিরাট ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) প্রয়াত হলেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়

টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের শোক কাটিয়ে ওঠার আগেই দুঃসংবাদ এল স্টুডিও পাড়ায়। জানা যাচ্ছে, মাত্র ৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন জনপ্রিয় জুনিয়র আর্টিস্ট প্রণব চট্টোপাধ্যায়। সোমবার আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ বা ‘সোনার ভগবান দাস’ এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছিল। পাভেল ঘোষ থেকে অলকানন্দ গুহ ইন্ডাস্ট্রির সহকর্মীরা তাঁর প্রয়াণে গভীরভাবে শোকস্তব্দ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার

বিধানসভা নির্বাচনের মুখে আমলা বদল সংক্রান্ত জনস্বার্থ মামলায় বিরাট ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন জেলার আধিকারিকদের বদলিকে চ্যালেঞ্জ করে করা মামলাটি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে আধিকারিকদের রদবদল কমিশনের এক্তিয়ারভুক্ত এবং এতে কোনওরকম আইন ভঙ্গ বা প্রশাসনিক অচল অবস্থা তৈরি হয়নি। যার ফলে আইএস এবং আইপিএস অফিসারদের পুনঃনিয়োগের দাবি নাকোজ করে দিয়ে কমিশনের সিদ্ধান্তকে বহাল রেখেছে আদালত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) কলকাতাতে বাস পরিষেবা বন্ধ করল উবের সাটল

দিল্লি এনসিআর এর পর এবার কলকাতাতেও বন্ধ হতে চলেছে উবের সাটল বাস পরিষেবা। ক্রমবর্ধমান লোকসান এবং যাত্রী সংখ্যার অভাবের জেরে আগামী ২ এপ্রিল থেকে বাস পরিষেবা পাকাপাকিভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে অফিস যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধেজনক এই বুকিং বাস পরিষেবা বন্ধ হয়ে গেলেও উবের ক্যাব বা ট্যাক্সি পরিষেবা আগের মতোই সচল থাকবে। আর সংস্থা জানিয়ে দিয়েছে, গ্রাহকদের অব্যবহৃত সাবস্ক্রিপশন ব্যালেন্স আগামী ৭ দিনের মধ্যেই ক্রেডিট হিসেবে ফেরত দেওয়া হবে। আগামী দিনে সাধারণত সাটল পরিষেবার বদলে উবের কর্পোরেট কর্মীদের এমপ্লয়েড ট্রান্সপোর্টেশন সার্ভিস এর উপর বেশি নজর দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

google button