বর্ডারে সাপ-কুমির, LPG কেনায় নিষেধাজ্ঞা…! আজকের সেরা ১০ খবর (৬ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ এপ্রিল, সোমবার। বর্ডারে সাপ-কুমির, LPG কেনায় নিষেধাজ্ঞা, মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে বরখাস্ত হল মোফাক্কারুল ইসলাম

মালদহের মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় উত্তাল গোটা রাজ্যের রাজনীতি। আর এই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত আইনজীবী মোফাক্কারুল ইসলামকে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে এবার বরখাস্ত করা হল। সোমবার এক জরুরী বৈঠকে সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক তদন্ত শুরু হয়েছে। বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার ক্ষেত্রে বার অ্যাসোসিয়েশনের এই কড়া পদক্ষেপের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) রাহুলের মৃত্যুতে এফআইআর দায়ের স্ত্রী প্রিয়াঙ্কার

টলিউড অভিনেতা রাহুল অরুনোধয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় এবার ওড়িশার তালসারী থানায় সরাসরি এফআইআর দায়ের করেছেন তাঁর স্ত্রী প্রিয়াংকা সরকার। অভিযুক্তের তালিকায় রয়েছেন ম্যাজিক মোমেন্টস এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ মোট পাঁচজন। অভিযোগে জানানো হচ্ছে যে, বিপজ্জনক এলাকায় শুটিংয়ের জন্য কোনও রকম পূর্ব অনুমতি বা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আর এই শোকাহত ঘটনার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্যই কর্ম বিরতির ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) LPG সিলিন্ডার কেনায় নতুন নিষেধাজ্ঞা

দিল্লির তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের কালোবাজারি রুখার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে ডিস্ট্রিবিউটরদের গোডাউন বা স্টোরেজ পয়েন্ট থেকে সরাসরি সাধারণ গ্রাহকদের কাছে সিলিন্ডার বিক্রির নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর গ্রাহকদের এখন থেকে শুধুমাত্র বুকিং সিস্টেমের মাধ্যমে বাড়িতে ডেলিভারি নিতে হবে বলে জানানো হয়েছে। কিন্তু পরিযায়ী শ্রমিক ও ছাত্রদের সুবিধার্থে ৫ কেজির ছোট সিলিন্ডার কেনার নিয়ম এবার কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বুধবার ভোরে ইরানে হামলার ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও চরম উত্তেজনায়। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার রাত আটটার মধ্যে হরমুজ প্রণালী বাণিজ্যিক চলাচলের জন্য যদি খুলে না দেয় ইরান, তাহলে সেখানকার জনবসতি ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। এই ভয়াবহ সংকটে ভারতের হস্তক্ষেপে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছেন ইরানের বিদেশমন্ত্রী আরাঘচি। ভারত শুরু থেকেই আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন করতে চাইছে। কিন্তু আমেরিকার বিক্ষিপ্ত হামলায় ইতিমধ্যে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) হাওড়া-দিঘা নতুন ট্রেন চালু করল রেল

গরমের তীব্র দাপট থেকে মুক্তি পেতে দিঘাগামী পর্যটকদের জন্য বিরাট উপহার দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত হাওড়া ও দিঘার মধ্যে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুরে দুপুরে দিঘা পৌঁছাবে। আর ফিরতি পথে বিকেল ট্রেনটি দিঘা থেকে ছেড়ে হাওড়া ফিরবে। সবথেকে বড় কথা, স্পেশাল ট্রেন হলেও এর ভাড়া সাধারণ মেমু ট্রেনের মতোই। অর্থাৎ ৮০ থেকে ৯০ টাকার মধ্যে রাখা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে জমা NIA-র ২৫ পাতার রিপোর্ট

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি কান্ডে বিচারকদের উপর হামলার ঘটনায় এবার তদন্তের গতি বাড়িয়ে আজ সুপ্রিম কোর্টে ২৫ পাতার বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। সংস্থার আইজি সোনিয়া সিং নিজে এই রিপোর্ট নিয়ে দিল্লিতে পৌঁছেছেন। আর সেখানে আক্রান্ত বিচারক, প্রত্যক্ষদর্শী ও ২২ জন নথিভুক্ত করা হয়েছে। ইতিপূর্বে প্রধান বিচারপতি সূর্যকান্ত এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) পাকমন্ত্রী কলকাতায় হামলার হুমকি দিতেই মোদীকে আক্রমণ মমতার

নির্বাচনের আবহে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কলকাতাকে লক্ষ্য করে হামলা করার প্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদীয়ার বেথুয়াডহরির নির্বাচনে জনসভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন, দেশের একটি গুরুত্বপূর্ণ শহরকে ভিনদেশের মন্ত্রী যখন আক্রমণের হুমকি দিচ্ছেন, তখন কেন প্রধানমন্ত্রী নীরব? মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে, নির্বাচনের আগে এটি কোনও পহেলগাঁও ব্লু-প্রিন্টের মতো পরিকল্পিত ষড়যন্ত্র কিনা। জাতীয় নিরাপত্তা নিয়ে আপস করা হবে না জানিয়ে তিনি মোদীর পদত্যাগ দাবি করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) অনুপ্রবেশকারীদের আটকাতে বর্ডারে কুমির, সাপ ছাড়ার প্ল্যান BSF-র

বাংলাদেশী অনুপ্রবেশ এবং চোরাচালান রুখার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তের নদীমাতৃক ও জলাভূমি এলাকায় সাপ ও কুমির ছাড়ার অভিনব পরিকল্পনার কথা ভাবছে বর্ডার সিকিউরিটি ফোর্স। প্রায় ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের অন্তত ১৭৫ কিলোমিটার এলাকা জলবেষ্টিত হওয়ার কারণে সেখানে নজরদারি চালানো কঠিন হয়ে পড়ে, যা কাজে লাগিয়ে অনুপ্রবেশকারীরা পারাপার করে থাকে। যদিও এই পরিকল্পনাটি এখনো পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে এবং পরিবেশগত ও কৌশলগত নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন। কিন্তু বিএসএফ উন্নত প্রযুক্তির পাশাপাশি বন্যপ্রাণী ব্যবহারের বিকল্প পথ খতিয়ে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) আসানসোল থেকে স্পেশাল ট্রেন দিল রেল

গরমের ছুটিতে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য বীরাঙ্গনা লক্ষীবাঈ ঝাঁসি থেকে এবং আসানসোলের মধ্যে বিশেষ সামার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। আগামী ৮ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। ট্রেনটি সপ্তাহে চার দিন যথাক্রমে বুধ, বৃহস্পতি, রবি এবং সোমবার ছাড়বে। আর আসানসোল থেকে ফিরতি ট্রেনটি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার যাতায়াত করবে। এসি থ্রি টায়ার, স্লিপার এবং জেনারেল কোচ মিলিয়ে মোট ২১টি কোচ থাকবে এই ট্রেনটিতে। বিশেষ করে আসানসোল শিল্পাঞ্চলের মানুষদের জন্য উত্তর ভারতে যাতায়াত আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) লেহতে একটি মুরগির ডিম বিক্রি হল ২৫,০০০ টাকায়

লাদাখের লেহতে মানবিকতার অনন্য দৃশ্যের সাক্ষী থাকল মানুষ। একটি সাধারণ মুরগির ডিম নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের শিশুদের সাহায্য করার জন্য আয়োজিত এই ত্রান তহবিলে স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন ২৫ হাজার টাকা দিয়ে ডিমটি কিনেছেন। তাঁর মতে, এটি শুধুমাত্র ডিমের দাম নয়, বরং আর্তমানবতার পাশে দাঁড়ানোর একটি প্রতীক। লেহর সাধারণ মানুষ এই উদ্যোগে সামিল হয়ে নগদ অর্থ এবং গয়না দান করছে যুদ্ধবিধ্বস্তদের পাশে দাঁড়ানোর জন্য। এতে ইরানের মানুষজন অনেকটাই উপকৃত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

google button