মিড-ডে মিল খেয়ে অসুস্থ, লক্ষ্মীর ভাণ্ডারে বদল…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৮ ফেব্রুয়ারি)

Published:

West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ ফেব্রুয়ারি, রবিবার। মিড-ডে মিল খেয়ে অসুস্থ, লক্ষ্মীর ভাণ্ডারে বদল, কলকাতার একাধিক ফেরিঘাট সংস্কার, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চালু হল আসানসোল-বোকারো নতুন ট্রেন পরিষেবা

করোনা মহামারীর পর বন্ধ হয়ে থাকা পরিষেবা ফের চালু করে আজ আসানসোল-বোকারো নতুন ট্রেনের শুভ সূচনা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনটি আসানসোল থেকে সকাল সাতটায় ছেড়ে বিভিন্ন স্টেশন হয়ে বোকারোতে পৌঁছাবে সকাল ১১ টা ১৫ মিনিটে। আর ফিরতি ট্রেন বিকেলবেলা ছাড়বে। এতে দুই ইস্পাত শহরের যোগাযোগ এবং শ্রমিক যাত্রীদের যাতায়াত যে আরও সহজ হবে, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি সিউড়ি এবং কুমারপুরে নতুন ফুট ওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বাড়ানো হল দিঘা আসানসোল এক্সপ্রেসের স্টপেজ

দিঘা-আসানসোল এক্সপ্রেসের স্টপেজ বাড়ানোর দাবিতে অবশেষে সাড়া দিয়েছে ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ওন্দা, গড়বেতা, চন্দ্রকোনা রোড এবং সালবনি স্টেশনে আপ এবং ডাউন ট্রেনটি এক মিনিট করে স্টপেজ দেবে। মেদিনীপুর এবং বাঁকুড়ার যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার কারণে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি বন্ধ করতে চায় নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি পঞ্চায়েত স্তরে বন্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে। নিরাপত্তাহীনতা এবং হিংসার আশঙ্কায় এই সিদ্ধান্তের আবেদন করা হয়েছে বলেই খবর। কমিশন স্পষ্ট দাবি করেছে, কর্মকর্তাদের কাজ করা ঝুকিপূর্ণ হয়ে উঠছে। উল্লেখ করার বিষয়, আদালত আগে পঞ্চায়েতে শুনানির নির্দেশ দিয়েছিল। আর মোট ৩১.৬৮ লক্ষ সন্দেহভাজন ব্যক্তিকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু ৫০ হাজারের বেশি হাজিরা না দেওয়ার কারণে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) লক্ষীর ভাণ্ডার প্রকল্পে বিরাট পরিবর্তন

পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট পরিবর্তন আনল। মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে সাধারণ শ্রেণির জন্য ১৫০০ এবং এসসি, এসটি মহিলাদের জন্য ১৭০০ টাকা তো করা হয়েছেই। এমনকি আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে এবার দুয়ারে সরকার শিবিরে না গিয়ে ব্লক অফিসেই ফর্ম জমা দেওয়া যাবে। তবে সবথেকে বড় বদল, স্বাস্থ্য সাথী কার্ড আর বাধ্যতামূলক নয়। অর্থাৎ, এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া লাগবে না। এতে প্রচুর মহিলা উপকৃত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) হলদিয়ায় তৃণমূল বিধায়কের বাড়িতে বিক্ষোভ

হলদিয়ায় তৃণমূল বিধায়ক তাপসী মন্ডলের বাড়ির সামনে কর্মী এবং সমর্থকদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠছে, স্থানীয় কর্মীদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক এনে টাকার বিনিময়ে কারখানায় নিয়োগ করা হয়েছিল। এমনকি আইএনটিটিইউসি কোর কমিটির চেয়ারম্যান থাকাকালীন এই অনিয়ম হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিরোধী শ্রমিক সংগঠনগুলিও সমালোচনা করছে। ক্ষুব্ধ কর্মীরা স্থানীয়দের আগে কাজ দেওয়া আর বিধায়কের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) মোদী ও ইব্রাহিমের বৈঠকে ভারত-মালয়েশিয়া সম্পর্কে নয়া মোড়

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে ভারত আর মালয়েশিয়া সম্পর্ক এবার নতুন উচ্চতায় পৌঁছল। প্রতিরক্ষা, নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য থেকে শুরু করে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনকি সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে কাজ করা হবে। গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও সামুদ্রিক নিরাপত্তার উপরে জোর দেওয়া হয়েছে। এছাড়া ইন্দো প্রশান্ত অঞ্চলের উন্নয়নেও দুই দেশ একসঙ্গে এবার লড়াই করবে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) কলকাতার একাধিক ফেরিঘাট সংস্কার

কলকাতা-হাওড়া জলপথ যাতায়াত এবার আরও আধুনিক করার জন্য একাধিক ফেরিঘাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার। বাগবাজার, শোভাবাজার, আহিরিটলা, গোলাবাড়ি, আর্মেনিয়াম, ফেয়ারলি ও চাঁদপাল ঘাট এবার আরও উন্নত করা হবে। এমনকি হাওড়া ফেরি টার্মিনালে খরচ হতে পারে মোটামুটি ৮৯ কোটি টাকা। বসবে এলইডি ডিসপ্লে, সোলার প্যানেল, সিসিটিভি থেকে শুরু করে ফ্রি ওয়াইফাই এবং অটোমেটেড রিয়েল টাইম তথ্য ব্যবস্থা, আরএসি ওয়েটিং রুম। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) রাজ্যের এনওসি না মেলায় আটকে অরেঞ্জ লাইনে মেট্রোর কাজ

কলকাতার মেট্রোর অরেঞ্জ লাইনে কাজ রাজ্য সরকারের এনওসি না মেলার কারণে থমকে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। গৌর কিশোর ঘোষ থেকে চিংড়িঘাটা অংশের কাজের জন্য সাময়িক যান নিয়ন্ত্রণ দরকার হলেও রাজ্য সরকার কোনও রকম অনুমতি দেয়নি। তাই দীর্ঘ দশ মাস ধরে জট কাটেনি। রেলের দাবি, মাত্র তিন রাত কাজের সুযোগ পেলেই অগ্রগতি সম্ভব। আর এই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো সম্প্রসারণও এতে প্রভাবিত হচ্ছে। সহযোগিতা মিললেই কাজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) মালয়েশিয়ায় চালু হবে ইউপিআই পরিষেবা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়ালালামপুরে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ঘোষণা করলেন, খুব শীঘ্রই মালয়েশিয়াতে ভারতের ইউপিআই পরিষেবা চালু হবে। আর এতে দুই দেশের বাণিজ্য এবং অর্থ লেনদেন আরও সহজ হবে। তিনি ভারত এবং মালয়েশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক ও প্রবাসী ভারতীয়দের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন এবং মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন। বলার বিষয়, ইউপিআই-র মাধ্যমে দুই দেশের ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থা আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) স্কুলের মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৭০ জন ছাত্রী

বিহারের মাধেপুরা সদর ব্লকের সাহুগড়ের কারুতলার একটি স্কুলে মিড-ডে মিলের খিচুড়ি খেয়ে প্রায় ৭০ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খাওয়ার পর বমি, পেটব্যথা বা মাথা ঘোরার উপসর্গ দেখা দিয়েছে। সকলকেই দ্রুত মাধেপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অধিকাংশ স্থিতিশীল হলেও একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে ডাক্তাররা। খাবারে টিকটিকি পড়ার সন্দেহ উঠেছে বলেও খবর। কিন্তু এ বিষয়ে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে খাবার সরবরাহকারী এনজিও-র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now