প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে গরমের দাপট অনেকটাই নিয়ন্ত্রণে ছিল কিন্তু সেই আরামে এবার বড় কোপ পড়ল। কারণ আগামীকাল থেকে আবহাওয়ায় আসছে বড় বদল। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal) এবার বাড়তে শুরু করেছে গরম। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামীকাল, (Weather Tomorrow) বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদলাবে। ভ্যাপসা গরমের সম্ভাবনাও বাড়বে।
পুরো মার্চ মাস জুড়ে রোদ বৃষ্টির এক দারুণ চিত্র দেখেছিল রাজ্যবাসী। তবে নতুন মাস পড়তে না পড়তেই আজ থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে নিম্ন পরিমণ্ডলে শুষ্ক হাওয়ার জেরে আগামী চারদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে। এমনকি সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৮০-৯০ শতাংশের মতো। চলুন একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল থেকেই পরিষ্কার এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তবে বেলা বাড়তেই রোদের দাপট বাড়বে। ইতিমধ্যেই অত্যাধিক গরম ও আর্দ্রতার জন্য আগামীকাল এবং শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে পাল্টাবে আবহাওয়ার চিত্র। ফের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আরও পড়ুন: এপ্রিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? প্রকাশ্যে এল বড় আপডেট
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস না-থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে বেশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়াও, দুই দিনাজপুর এবং মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এখনই বৃদ্ধি পাবে না উত্তরবঙ্গে। বজ্রপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দরকার ছাড়া বাইরে না বেড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।












