সহেলি মিত্র, কলকাতা: মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে বাংলার বেশ কয়েকটি জেলা। কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলী, বাঁকুড়া, দুই মেদিনীপুর জেলা ইতিমধ্যে ভিজেছে। হাওয়া অফিসের (Weather Today) তরফে জানানো হয়েছে বাংলার বেশ কিছু জেলা এখনো অবধি কালবৈশাখীর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আসলে শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার কারণে সমগ্র রাজ্য জুড়ে আজ মঙ্গলবারও আগামী কয়েক ঘন্টায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মরশুমের প্রথম কালবৈশাখী হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ তীব্ৰ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। স্থানবিশেষে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে।
আরও পড়ুন: নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ট্রেন ধারণের ক্ষমতা হবে দ্বিগুণ! হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের
হাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর, সন্ধ্যার পরে হালকা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে, আগামী কয়েকদিন ধরে আকাশ আংশিক মেঘলা থাকার সাথে সাথে আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বুধবারের পর বাংলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় আবার শিলাবৃষ্টিও হতে পারে। আগামীকাল বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে একটি সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।












